জেলেনস্কির সেই কমেডি সিরিজ আসছে নেটফ্লিক্সে
যে টিভি সিরিজে প্রেসিডেন্টের চরিত্রে অভিনয়ের পর কমেডিয়ান ভলোদিমির জেলেনস্কি ইউক্রেইনের সত্যিকারের প্রেসিডেন্ট হয়েছিলেন, সেটি ফিরে আসছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে।
বুধবার এক টুইটে জেলেনস্কি অভিনীত ‘সার্ভেন্ট অব দ্য পিপল’ ধারাবাহিক সিরিজটি ফিরিয়ে আনার খবর জানিয়েছে নেটফ্লিক্স।
নেটফ্লিক্স ওই পোস্টে লিখেছে, “আপনারা চেয়েছিলেন, আর এটা ফিরে এসেছে।”
সিএনএন লিখেছে, রাষ্ট্রক্ষমতায় আসার আগে জেলেনস্কি ছিলেন একজন সফল অভিনেতা এবং কমেডিয়ান। তবে পলিটিক্যাল স্যাটায়ার ‘সার্ভেন্ট অব দ্য পিপল’ তাবে তারকা বানিয়ে দেয়। সেই খ্যাতি ২০১৯ সালে তার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে দারুণ কাজে লেগেছিল।
ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর প্রেসিডেন্ট জেলেনস্কি তার সাহসী মনোভাব আর জ্বালাময়ী বক্তব্যে পশ্চিমা বিশ্বের প্রশংসা কুড়িয়েছেন। ইউক্রেইনের যুদ্ধ দিনের নেতা হয়ে ওঠা জেলেনস্কি তিন বছর আগেও ছিলেন একজন কৌতুক অভিনেতা।
২০০৩ সালে তিনি স্টুডিও কভারতাল ৯৫ নামে একটি প্রোডকশন কোম্পানি দাঁড় করান, আট বছর পর টিভি চ্যানেল ইন্টার টিভির জেনারেল প্রডিউসার হন। সেখানে থাকেন এক বছর; এরপর তিনি ও কভারতাল ৯৫ ইউক্রেইন নেটওয়ার্ক ১+১ এর সঙ্গে অনুষ্ঠান বানানোর যৌথ চুক্তি করে।
এই নেটওয়ার্কেই ২০১৫ সালের অক্টোবরে প্রচার শুরু হয় টিভি সিরিজ ‘সার্ভেন্ট অব দ্য পিপল’। জেলেনস্কি সেখানে অভিনয় করেন ‘ভাসিলি গোলোবোরদকো’ নামের এক শিক্ষকের চরিত্রে, যিনি প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নামেন এবং এক পর্যায়ে দেশের প্রেসিডেন্ট হয়ে যান।
ওই সিরিজের শেষ পর্বে এক ভাষণে প্রেসিডেন্ট ‘ভাসিলি গোলোবোরদকো’কে ইউক্রেইনের জনগণের উদ্দেশে বলতে শোনা যায়, “আজ, আমি শুরু করব দীর্ঘ প্রতীক্ষিত সেই শব্দগুলো দিয়ে, যা আমি গর্বের সঙ্গে উচ্চারণ করছি। শেষ পর্যন্ত ইউক্রেইন ঐক্যবদ্ধ হল, এটাই আমাদের জয়।”
সিরিজটির ব্যাপক জনপ্রিয়তার উপর ভর করে দুর্নীতিবিরোধী অভিযান চালানোর অঙ্গীকার নিয়ে ২০১৮ সালে ‘সার্ভেন্ট অব দ্য পিপল’ নামে একটি রাজনৈতিক দলই খুলে বসেন জেলেনস্কি। আর সিরিজ শেষ হওয়ার এক মাসের মধ্যেই জেলেনস্কি আবির্ভূত হন সত্যিকারের প্রেসিডেন্ট হিসেবে।
আরও খবর-
