সানি লিওনের ভিসা আবেদন পরিচয় লুকিয়ে: তথ্যমন্ত্রী
পরিচিত নাম লুকিয়ে মার্কিন পাসপোর্ট দিয়ে ভিসার আবেদন করায় সানি লিওনের ভিসা বাতিল হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত মুক্তি ও মানবাধিকার বিষয়ক প্রামাণ্যচিত্র উৎসব- দশম লিবারেশন ডকফেস্টের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি বলেন, "ভারতীয় যে অভিনয়শিল্পী দলকে ভিসা দেওয়া হয় তাদের একজন ছিলেন সানি লিওন। কিন্তু তার সানি লিওন নামটি গোপন করে মার্কিন নাগরিক পরিচয়ে আবেদন করা হয়েছিল।
“এভাবে পরিচয় গোপন করে অনুমতি নেওয়া আইনবহির্ভূত। এটি যখন মন্ত্রণালয়ের নজরে আসে, তখন তার বাংলাদেশে আসার অনুমতি বাতিল করা হয়।"
‘সোলজার’ নামে একটি বাংলাদেশি সিনেমার শুটিংয়ে অংশ নিতে বলিউড অভিনেত্রী সানি লিওনিকে ঢাকায় আসার অনুমতি দেওয়ার পর তা বাতিল করার খবর গণমাধ্যমে এসেছে।
বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘অনিবার্যকারণে’ করনজিৎ কর ওয়েভারের (সানি লিওনি) বাংলাদেশে আগমনের অনুমতি (ওয়ার্ক পারমিট) বাতিল করা হয়েছে।
এর আগে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান মেসার্স চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেটের আবেদনের প্রেক্ষিতে সানি লিওনিকে ঢাকায় আসার অনুমতি দিয়েছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
শুক্রবার চলচ্চিত্র উৎসবের এ উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি মহাসচিবের 'দেশের জিডিপি প্রবৃদ্ধি ভুয়া' মন্তব্যের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তথ্যমন্ত্রী বলেন, "আমাদের জিডিপি যে ভারতকে ছাড়িয়েছে, তা আইএমএফ (আন্তর্জাতিক অর্থ তহবিল) স্বীকৃত। মির্জা ফখরুল সাহেবরা চান না দেশের অগ্রগতি হোক। তারা চান দেশের মানুষ দরিদ্র থাকুক। দেশের অগ্রগতিতে তাদের গাত্রদাহ হয়।"
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, "সরকার যেভাবে ইউক্রেইন থেকে নাবিকদের দেশে ফিরিয়ে এনেছে তা অভাবনীয়। এজন্য ফিরে আসা নাবিকরা ও তাদের পরিবারবর্গ সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছেন।
“একইসঙ্গে নিহত নাবিক হাদিসুর রহমানের মরদেহ ফিরিয়ে আনার সব ব্যবস্থাও নিয়েছে সরকার। আমরা তার আত্মার শান্তি কামনা করি ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।“
চলচ্চিত্র উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি এবং উৎসব পরিচালক তারেক আহমেদ স্বাগত বক্তব্য রাখেন।
মুক্তিযুদ্ধ জাদুঘরের এবারের উৎসবে বিশ্বের ১৯৬টি দেশ থেকে জমা দুই হাজার ১০০ এর বেশি ছবি থেকে ৪০টি দেশের ১৪০টি ছবি প্রদর্শনের এমন আয়োজনের প্রশংসা করেন হাছান মাহমুদ।
তিনি বলেন, জীবনমুখী প্রামান্য চিত্র তৈরি বাড়ছে এবং সেগুলোর বার্তা বর্তমান প্রজন্মকে সমাজ পরিবর্তনে উৎসাহ দিতে ভূমিকা রাখতে পারে।
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি এজন্য চলচ্চিত্রের ভূমিকাকে অনবদ্য বলে মন্তব্য করেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, এ উৎসবের বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ ও মানবাধিকার। আমাদের মতো এত প্রাণের বিনিময়ে, এত রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে সব দেশ স্বাধীনতা অর্জন করেনি।
“জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা অর্জন যুগে যুগে পৃথিবীর ইতিহাসে, মানব সভ্যতার ইতিহাসে মুক্তিকামী মানুষের জন্য একটি উদাহরণ।"
