শিল্পী সমিতি: ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে আসছেন সাইমন সাদিক
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ আক্তারের আইনি লড়াইয়ের মধ্যে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে সাইমন সাদিক আসতে পারেন বলে জানিয়েছেন সভাপতি ইলিয়াস কাঞ্চন।
সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চন জানান, সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত সাইমন সাদিক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে পারবেন।
আগামী বৈঠকে বিষয়টি উত্থাপন করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে; আদালতের রায়ে জায়েদ খান কিংবা নিপুণ আক্তারের মধ্যে কেউ দায়িত্ব পাওয়া পর্যন্ত সাইমন এ দায়িত্বে থাকতে পারেন বলে ধারণা দেন ইলিয়াস কাঞ্চন।
এ সময় সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চনের পাশে বসা ছিলেন সাইমন। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সাইমন জানান, আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগে কিছু বলতে চান না।
চলচ্চিত্র শিল্পী সমিতির ২৮ জানুয়ারির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাইমন সাদিক।
২০১২ সালে ‘জ্বি হুজুর’ চলচ্চিত্রের মধ্য দিয়ে রূপালী পর্দায় অভিষেকের পর ২০১৭ সালে ‘জান্নাত’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সাইমন।
এর আগে নিপুণ ও জায়েদ খান চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে শপথ নেওযার পর আদালতের রায়ে কারও পদই টেকেনি।
সাধারণ সম্পাদকের আশায় প্রায় মাসখানের ধরে শিল্পী সমিতির কার্যক্রম স্থবির হয়ে পড়েছে; এর মধ্যে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককে নিয়ে কার্যক্রম এগিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি ইলিয়াস কাঞ্চন।
