রবি শঙ্করের জন্মশতবর্ষের আয়োজনে দুই কন্যা
বিশ্ববিখ্যাত সেতারবাদক রবি শঙ্করের জন্মশতবর্ষ স্মরণে প্রায় এক মাস ব্যাপি বিশেষ আয়োজন নিয়ে আসছেন তার দুই কন্যা আনুশকা শঙ্কর ও নোরা জোনস।
যুক্তরাজ্যের লন্ডনের সাউথব্যাংক সেন্টারে ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার এ আয়োজন ২৩ এপ্রিল পর্যন্ত চলবে বলে এক ফেইসবুক পোস্টে জানান আনুশকা।
২০২০ সালের ৭ এপ্রিল রবি শঙ্করের শততম জন্মদিনে এ আয়োজনের পরিকল্পনা থাকলেও করোনাভাইরাস মহামারীর কারণে তা দুই বছর পেছানো হয়েছে।
সুরকার ও সেতারবাদক আনুশকা জানান, ৫ ফেব্রুয়ারি বিশেষ কনসার্টে তিনি ও কয়েকজন বিশেষ অতিথি সংগীত পরিবেশন করবেন।
“এটি দারুণ কিছু হতে চলেছে। জীবনে একবারই এমন কনসার্টের আয়োজন করতে পার আমরা! আমি এ আয়োজনের জন্য মুখিয়ে আছি, রিহার্সেলের জন্য আর অপেক্ষা করতে পারছি না।”
কনসার্ট ছাড়াও এতে রবি শঙ্করের চিত্রপ্রদর্শনী ও নৃত্য পরিবেশনাসহ নানা আয়োজন থাকছে।
আনুশকার সঙ্গে এ আয়োজনের ব্যবস্থাপনার দায়িত্বে আছেন তার সৎ বোন গ্রামি অ্যাওয়ার্ড জয়ী যুক্তরাষ্ট্রের শিল্পী নোরা জোনস।
রবি শঙ্করের দ্বিতীয় স্ত্রী স্যু জোনসের মেয়ে নোরা জোনস একজন গীতিকার ও সুরকার হিসেবেও বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন।
রবি শঙ্করের তৃতীয় স্ত্রী সুকন্যা শঙ্করের সংসারে জন্ম নেওয়া আনুশকা সংগীত চর্চার পাশাপাশি লন্ডনে রবি শঙ্কর ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত আছেন, এ ফাউন্ডেশনের আয়োজনে নিয়মিত বিভিন্ন আয়োজনে পারফর্ম করেন তিনি।
আনুশকার শৈশব কেটেছে দিল্লি ও লন্ডনে। দুই সন্তানকে নিয়ে যুক্তরাজ্যেই থিতু হয়েছেন তিনি।
রবি শঙ্করের তিন সন্তানদের মধ্যে প্রথম স্ত্রী অন্নপূর্ণা দেবীর সংসারে শুভেন্দ্র শঙ্কর নামে এক পুত্র সন্তান ছিল; রবি শঙ্করের মৃত্যুরও দুই দশক আগে শুভেন্দু মারা গেছেন।
