২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের আসরে ‘দিল চাহতা হ্যায়’ গানে ফারহান-শিবানীর নাচ

বলিউড অভিনেতা, নির্মাতা ফারহান আখতার এবং মডেল ও অভিনেত্রী শিবানী দাণ্ডেকরের বিয়ের ভাইরাল ভিডিওতে এ জুটিকে নাচতে দেখা গেল শঙ্কর মহাদেবনের ‘দিল চাহতা হ্যায়’ গানে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2022, 12:07 PM

Updated : 25 Oct 2022, 10:15 AM

এ তারকা জুটির বিয়ে হয়েছে গত ১৯ ফেব্রুয়ারি খাণ্ডালার একটি বাংলোয়। সেই বিয়ের আসরের কয়েকটি ভিডিও সোশাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে।

একটি ভিডিওতে দেখা যায়, ফারহান-শিবানী এবং হৃতিক রোশান ‘দিল চাহতা হ্যায়’ গানের ট্র্যাকে নাচছিলেন, গানটি গাইছিলেন শঙ্কর মহাদেবন।

আরেক ভিডিওতে হৃতিক ও ফারহানকে নাচতে দেখা যায় ‘জিন্দেগি না মিলেগি দোবারা’-র জনপ্রিয় ট্র্যাক ‘সেনোরিটা’র ছন্দে।

মহামারীকালের বিয়ে, তাই পরিবারের সদস্য আর ঘনিষ্ঠ বন্ধুরাই কেবল উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। হৃতিক আর শঙ্কর ছাড়াও এসেছিলেন রিয়া চক্রবর্তী, রিতেশ সিধওয়ানি, অনুশা দাণ্ডেকর, অমৃতা অরোরা।

মহারাষ্ট্রীয় রীতিতে নয়, নিজেদের লেখা শপথবাক্য পাঠ করে বিয়ে সারেন ফারহান-শিবানী।

ভারতীয় অভিনেতা ফারহান আখতারের সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলীয় মডেল এবং সঞ্চালক শিবানী দাণ্ডেকরের প্রেমের শুরু ২০১৮ সালে। এ জুটির দেখা হয়েছিল রিয়েলিটি শো ‘আই ক্যান ডু ইট’ এর সেটে।