২০২০ সালের সেরা চলচ্চিত্র গোর-বিশ্বসুন্দরী, অভিনয়ে সেরা সিয়াম-দীপান্বিতা
২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে সরকার।
যৌথভাবে সেরা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে সরকারি অনুদানে নির্মিত ‘গোর’ এবং অঞ্জন চৌধুরী পিন্টুর প্রযোজিত ‘বিশ্বসুন্দরী’।
সেরা পরিচালকের পুরস্কার পাচ্ছেন ‘গোর’ নির্মাতা গাজী রাকায়েত হোসেন; ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ইংরেজি ভাষায় নির্মিত সিনেমাটি বাংলাদেশে মুক্তির পর ‘দ্য গ্রেভ’ নামে যুক্তরাষ্ট্রের সিনেমা হলেও মুক্তি দেওয়া হয়েছিল।
‘বিশ্বসুন্দরী’তে সিনেমায় অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন সিয়াম আহমেদ; সিনেমাটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।
সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন রোজালিন দীপান্বিতা মার্টিন, ‘গোর’ সিনেমায় অভিনয়ের জন্য।
২০২০ সালে আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী আনোয়ারা বেগম ও অভিনেতা রাইসুল ইসলাম আসাদ।
তথ্য মন্ত্রণালয় মঙ্গলবার ২৯ ক্যাটাগরিতে ওই বছরের সেরা চলচ্চিত্র, নির্মাতা, শিল্পী এবং কলাকুশলীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে।
সেরা নির্মাতা, অভিনেত্রীসহ সর্বাধিক ১১ বিভাগে পুরস্কার পাচ্ছে গাজী রাকায়েতের সিনেমাটি।
সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে এম ফজলুর রহমান বাবু (বিশ্বসুন্দরী) ও সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে অভিনেত্রী অপর্ণা ঘোষ (গণ্ডি) পুরস্কার পাচ্ছেন।
বীর সিনেমার জন্য সেরা খল অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সাহিদ হাসান মিশা সওদাগর।
‘গণ্ডি’র জন্য সেরা শিশু শিল্পী হচ্ছেন মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি। সেরা শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার পাচ্ছেন মো. শাহাদৎ হাসান বাধন (আড়ং)।
‘হৃদয় জুড়ে’ সিনেমায় ‘বিশ্বাস যদি যায়রে’ গানের জন্য সেরা সংগীত পরিচালকের পুরস্কার পাচ্ছেন বেলাল খান। ‘বিশ্বসুন্দরী’ সিনেমার ‘তুই কি আমার হবিরে’ গানের জন্য নৃত্য পরিচালকের পুরস্কার পাচ্ছেন প্রয়াত মো. সহিদুর রহামান।
‘বিশ্বসুন্দরী’ সিনেমার ‘তুই কি আমার হবিরে’ গানের জন্য সেরা গায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন মাহমুদুল হক ইমরান, যৌথভাবে সেরা গায়িকার পুরস্কার পাচ্ছেন দিলশাদ নাহার কণা, ‘বিশ্বসুন্দরী’ সিনেমার ‘তুই কি আমার হবিরে’ গানের জন্য ও ‘বীর’ সিনেমার ‘ভালোবাসার মানুষ তুমি’ গানের জন্য সোমনূর মনির কোনাল।
‘তুই কি আমার হবিরে’ গানের জন্য সেরা গীতিকার হিসেবে নির্বাচিত হয়েছেন কবীর বকুল, একই গানের জন্য গায়কের পাশাপাশি সুরকারের পুরস্কারও পাচ্ছেন মাহমুদুল হক ইমরান।
গাজী রাকায়েত গোর সিনেমার জন্য সেরা কাহিনিকার এবং সেরা চিত্রনাট্যকারের পুরস্কার দুটোও পাচ্ছেন।
সেরা সম্পাদক হিসেবে শরিফুল ইসলাম ও সেরা শিল্প নির্দেশক হিসেবে উত্তম কুমার গুহ, সেরা চিত্রগ্রাহক পংকজ পালিত ও মাহবুব উল্লাহ নিয়াজ, সেরা শব্দগ্রাহক কাজী সেলিম আহমেদ, পোশাক ও সাজসজ্জায় এমনতারা বেগম, সেরা মেকআপ ম্যান মোহাম্মদ আলী বাবুল পুরস্কার পাচ্ছেন।
সেরা সংলাপ রচয়িতার পুরস্কার পাচ্ছেন ‘গণ্ডি’ সিনেমার ফাখরুল আরেফীন খান।
সেরা স্বল্পদৈর্ঘ্য পুরস্কার পেয়েছে সরকারি অনুদানে নির্মিত ‘আড়ং’ এবং সেরা প্রামাণ্যচিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়’।
