যুক্তরাষ্ট্রে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’র প্রিমিয়ার
ভালোবাসা দিবস উপলক্ষে শুক্রবার বাংলাদেশে মুক্তির পরদিন যুক্তরাষ্ট্রে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমার প্রিমিয়ার হবে।
নিউ ইয়র্কের বোম্বে থিয়েটারে স্থানীয় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিনেমাটি প্রদর্শিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া।
দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় এ সিনেমায় জুটি বেঁধেছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস। সিনেমাটি আরও আগে মুক্তির পরিকল্পনা থাকলেও করোনাভাইরাসের কারনে তা পেছানো হয়েছিল।
বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান বলেন, “আমাদের প্রতিটি চলচ্চিত্রই আমরা বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিকভাবেও রিলিজ করে থাকি। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমাও আমরা প্রথমে আমেরিকায় প্রিমিয়ার করতে যাচ্ছি। তারপর পর্যায়ক্রমে আমরা বিশ্বের বিভিন্ন দেশে শো করবো।”
এ সিনেমায় আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে।
সিনেমার গানে কণ্ঠশিল্পী দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সঙ্গীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম, আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা।
