মা হচ্ছেন কাজল
ভারতীয় অভিনেত্রী কাজল আগরওয়াল এবং তার স্বামী গৌতম কিচলু তাদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত।
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয়, বছর শুরুর দিন ১ জানুয়ারি ইন্সটাগ্রামে কাজল আগরওয়ালের একটি ছবি পোস্ট করার মাধ্যমে নতুন সদস্য আসার ঘোষণা দেন গৌতম কিচলু।
স্ত্রীর ছবির সঙ্গে ক্যাপশনে গৌতম লিখেছেন, “এই যে ২০২২ এর দিকে তাকিয়ে আছি।” সঙ্গে ছিলো গর্ভবতী নারীর একটি ইমোটিকন।
কাজল এখনও কিছু বলেননি এনিয়ে; তবে ভক্তদের মধ্যে তা নিয়ে জল্পনা কল্পনা চলছিল গত এক মাস ধরে। গৌতম পোস্ট দেওয়ার পর তারা এখন অভিনন্দনে ভরিয়ে তুলছেন সোশাল মিডিয়া।
সিঙ্গম তারকা কাজল ২০২০ সালে গৌতমের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। সম্প্রতি প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করেন তারা।
বলিউডে নাম লেখালেও কাজল আগরওয়াল মূলত দক্ষিণেই জনপ্রিয়। অচিরেই তাকে দেখা যাবে তেলেগু সিনেমা ‘আচার্য’ ও তামিল সিনেমা ‘হে সিনামিকা’তে।
