বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ১১টি নতুন গানের সিডি প্রকাশ
বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ১১টি নতুন গানের সিডি প্রকাশ করা হয়েছে।
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অর্ধশতাধিক সংগীত শিল্পীদের গাওয়া এ সিডি বের করেছে বাংলাদেশ সংগীত পরিষদ।
সোমবার সন্ধ্যায় রাজধানীতে বাংলা একাডেমি নজরুল মঞ্চে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ সিডি উদ্বোধন করেন।
এ সময় শিক্ষামন্ত্রী দীপু মনি, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন এবং সংগীত পরিষদের সভাপতি রেহানা আশিকুর রহমান, মহাসচিব ফেরদৌস হোসেন ভুঁইয়া ও জ্যেষ্ঠ সহ সভাপতি শেখ সাদী খান উপস্থিত ছিলেন।
বক্তারা এ সিডি প্রকাশের জন্য সংগীত পরিষদকে ধন্যবাদ জানিয়ে বলেন, সংগীত শিল্পীদের এ সংগঠন তিন দশক ধরে দেশে সংস্কৃতির বিকাশ, শিল্পীদের সম্মান প্রতিষ্ঠা ও সংগীতের মানোন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে।
দেশের মানুষের মনন বিকাশে শিল্প-সংস্কৃতির চর্চার প্রসারে গুরুত্বারোপ করেন মন্ত্রীরা।
গানগুলোতে হাসিনা মমতাজ, খুরশীদ আলম, রথীন্দ্রনাথ রায়, মো. রফিকুল আলম, শাহীন সামাদ, তিমির নন্দী, ফাতেমা-তুজ-জোহরা, লীনু বিল্লাহ, তপন চৌধুরী, রেহানা আশিকুর রহমান, কামাল আহমেদসহ প্রায় অর্ধশত সংগীত শিল্পী কন্ঠ দিয়েছেন।
গীতিকার ফেরদৌস হোসেন ভুঁইয়া, শাফাত খৈয়াম, কাজী রোজী, ওসমান শওকত, চৌধুরী আবিদা রহমান ও আবাম ছালাউদ্দিনের লেখা ১১টি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান, এ কে আজাদ মিন্টু, ফোয়াদ নাসের বাবু, বদরুল আলম বকুল, আনিসুর রহমান তনু, সুজেয় শ্যাম ও মো: শাহনেওয়াজ।
সিডিটির মূল্য রাখা হয়েছে ৫০ টাকা।
অনুষ্ঠানে শিল্পীরা বঙ্গবন্ধুর স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত এ সিডির কয়েকটি গান পরিবেশন করেন।
