২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুঞ্জন উড়িয়ে শুটিংয়ে ‘ফিরছেন’ মাহি

ওমরাহ থেকে ফিরে মাহিয়া মাহি আর অভিনয়ে ফিরছেন না, এমন গুঞ্জন চাপা দিয়ে আগামী সপ্তাহে এক চলচ্চিত্রের শুটিংয়ে ‘ফিরছেন’ এই চিত্রনায়িকা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2021, 04:14 PM

Updated : 02 Aug 2022, 06:43 PM

তিনি সোমবার থেকে এফডিসিতে ‘বুবুজান’ চলচ্চিত্রের শেষভাগের দৃশ্যধারণে অংশ নেবেন বলে জানিয়েছেন পরিচালক শামীম আহমেদ রনী।

স্বামী রাকিব সরকারকে নিয়ে সৌদি আরবে ওমরাহ করতে যাওয়ার পর মাহির সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের একটি ফোন কল রেকর্ড প্রকাশ হওয়ার পর তুমুল আলোচনা শুরু হয়। মাহির সঙ্গে অশালীন আচরণের সমালোচনার মুখে মন্ত্রিত্ব হারান মুরাদ।

মক্কায় থাকা মাহিও দুই বছর আগের সেই বিরূপ অভিজ্ঞতার কথা স্মরণ করে বলেন, তিনি তখন কিছু না বললেও এখন বিচার পেয়েছেন বলে মনে করছেন।

মুরাদ হাসানের পদ হারানোর খবরে যা বললেন মাহিয়া মাহি  

ওমরাহ থেকে ফিরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই: মাহি  

ইমনের বিপরীতে ‘কাগজের বউ’ ছাড়ছেন মাহি  

এদিকে ওমরাহ থেকে ফিরে চলতি সপ্তাহে চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’ নামে একটি ওয়েব চলচ্চিত্র থেকে সরে দাঁড়ানোর পর মাহির অভিনয় পেশা ছাড়ার গুঞব্জন ডালপালা মেলে।

তবে মঙ্গলবার পরিচালক রনীর কথা তাতে জল ঢেলে দিল।

রনী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুবুজান চলচ্চিত্রের শুটিংয়ের ‘শিডিউল দিয়েছেন’ মাহি, তিনি শুটিংয়ে যোগ দেবেন।

অবশ্য এ বিষয়ে জানতে মাহির সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

নভেম্বরের মাঝামাঝির দিকে ওমরাহ করতে যাওয়ার আগে ‘বুবুজান’ চলচ্চিত্রের কিছু অংশের দৃশ্যধারণ করেছিলেন মাহি।

মাহি ছাড়াও শান্ত খান, শিবাশানুসহ কয়েকজন অভিনয়শিল্পী শুটিংয়ে অংশ নেবেন।