লকডাউনে বন্ধ থাকছে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সোমবার থেকে শুরু হওয়া তিন দিনের লকডাউনে রাজধানীর স্টার সিনেপ্লেক্সের সব আউলেট ও ব্লকবাস্টার সিনেমাস বন্ধ থাকছে।
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (গণমাধ্যম ও বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ ও ব্লকবাস্টার সিনেমাসের বিপণন কর্মকর্তা মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক নির্দেশনায় সোমবার থেকে বুধবার পর্যন্ত এ বিধিনিষেধে সকল শপিং মল, মার্কেট, বিনোদন কেন্দ্র বন্ধ রাখতে বলা হয়েছে।
লকডাউনে শপিং মল যেহেতু বন্ধ থাকবে তাই সিনেপ্লেক্সগুলো বন্ধ রাখা হবে বলে প্রতিষ্ঠান দুটির তরফ থেকে জানানো হয়েছে।
স্টার সিনেপ্লক্স ও ব্লকবাস্টারে শুক্রবার মুক্তি পেয়েছে পরিচালক অনন্য মামুনের চলচ্চিত্র ‘নবাব এলএলবি’। ছবিতে অভিনয় করেছেন শাকিব খান।
ছবিটি মুক্তির দুই দিনের মাথায় সেটির প্রদর্শন বন্ধ হওয়ায় ছবিটি নিয়ে অনিশ্চয়তায় মুখে পড়েছেন প্রযোজক।
এতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন মাহিয়া মাহি. অর্চিতা স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিমসহ আরও অনেকে।
