গৃহবন্দী মনে নীল সমুদ্রের ছবি জাহ্নবীর
গেল সপ্তাহেই মালদ্বীপে বেড়ানোর ছবি দিয়ে ‘ট্রলড’ হয়েছেন। আর এই সপ্তাহে নেটবাসীদের নজর কেড়েছেন সেই নীল সমুদ্রের ছবি এঁকেই।
প্রমোদভ্রমণ শেষে বাড়ি ফিরে নিজেকে বন্দী করেছেন বনি কাপুর-শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর।
এই ভ্রমণ নিয়ে কম কথা শুনতে হয়নি তার! করোনাভাইরাসের কারণে ভারতে যখন অসংখ্য ‘চিতা’ জ্বলছে তখন তার সমুদ্র বিলাস বা বিকিনি পরা ছবি কোনো উত্তাপই ছড়াতে পারেনি।
বরং ফিরে এসে অখণ্ড অবসরে এখন যখন ছবি আঁকছেন- তা নিয়ে হচ্ছেন প্রশংসিত। তিনি এঁকেছেন নীল আকাশ ও সমুদ্রের অপূর্ব মিশেলের ছবি।
মার্চ মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় জাহ্নবীর ছবি ‘রুহি’। এই ছবিতে আরও অভিনয় করেছেন রাজকুমার রাও এবং বরুণ শর্মা। লকডাউনের পর ভালো ব্যবসাও করে ছবিটি।
পরবর্তী সময় ‘দোস্তানা ২’ এবং ‘গুড লাক জেরি’ ছবিতে দেখা যাবে এ অভিনেত্রীকে।
