নতুন চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’ শিরোনামে একটি চলচ্চিত্র নির্মিত হচ্ছে।
শুক্রবার ছবির প্রযোজনা প্রতিষ্ঠান এটিএন এন্টারটেইনমেন্ট লিমিটেডে আয়োজনে ছবির শুভ মহরতের আয়োজন করা হয়; এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।
শিরিন শারমিন চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রীর জীবনদর্শন, আদর্শ ও কর্মধারা তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় ও আগামীর দিকনির্দেশক। চলচ্চিত্রটিতে উঠে এসেছে ১৯৭৫ এর ১০ই আগস্ট থেকে শুরু করে ১৯৭৫ এর ১৫ আগস্ট এর নির্মম হত্যাযজ্ঞের আলেখ্যচিত্র যা বর্তমান সময়ে বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড পর্যন্ত বিস্তৃত।
“বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা আর সেই স্বাধীনতা রক্ষা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন ও নারী ক্ষমতায়নের রোল মডেল।”
তিনি বলেন, “১৯৭৫ সালে জাতির পিতার নির্মম হত্যাকান্ডের পর প্রধানমন্ত্রী দেশে ফিরে এসে এদেশের জনগণের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ডের বিচার, যুদ্ধাপরাধীর বিচারের মাধ্যমে দেশকে বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্ত করেছেন।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি মজিবুল হক এমপি, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের কিউরেটর নজরুল ইসলাম খান ও ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’ চলচ্চিত্রের পরিচালক অনন্যা রুমা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
