বেদনা মধুর সতীনাথ মুখোপাধ্যায়
পৃথিবী চেয়েছিল যারে তিনি মেতে ছিলেন গানে।
আধুনিক বাংলা গান, নজরুল সংগীত ও গজল শিল্পী হিসেবে পরিচিত সতীনাথ মুখোপাধ্যায়। যার কণ্ঠে বেদনা-মধুর গান বাঙালি শ্রোতাদের মন কেড়েছে।
১৩ ডিসেম্বর তার পৃথিবী থেকে বিদায়ের দিন। স্মরণে সম্মানে তাকে নিয়ে লিখেছেন আরাফাত শান্ত।
এত বছর হয়ে গেল তবুও সতীনাথের চারটে পাঁচটা গান আমার কন্ঠে থাকেই। কত কত গান শুনলাম, তবুও সতীনাথ আমার মন থেকে চলে যায় না কখনও।
যে দুঃসময় এখন যেভাবে আমাদের বেড়ে ওঠা তাতে সতীনাথ ছাড়া কেইবা বুঝে, আমাদের দুঃখ।
‘পাষানের বুকে লেখো না আমার নাম’, ‘জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো’, ‘মরমীয়া তুমি চলে গেলে’ সহ আরও কত কত গান তার।
সতীনাথ কিন্তু মোটেও তার গানের মতো ছিলেন না। বাজার করতে পছন্দ করতেন, রান্নাও করতেন জমিয়ে। মন দিয়ে শিখতেন সব কিছু।
এক মুসলমান মুরগি বিক্রেতা তাকে ভাবতেন মুসলিম।
জিগ্যেস করেছিলেন, “মুসলমান হয়ে কেন ধুতি পরেন?”
নজরুলের কাছে গান শিখতে গিয়েছিলেন, ‘র’ আর ‘ড়’ ঠিক করতে বলেন কাজী নজরুল ইসলাম। এরপর তিনি আর শিখতে যান নাই।
প্রথম দিকে তিনি গান গাইলেই লোকেরা বলতো তালাত মাহমুদ এর নকল। সব সমালোচনাকে উড়িয়ে তিনি পরিণত হয়েছিলেন সারা ভারতের নামী সুরকার ও শিল্পী।
২৪ ঘণ্টাই তিনি গানের মানুষদের জন্য। একবার এক শিল্পীর কারণে ঝগড়া করে গ্রামোফোন কোম্পানির সঙ্গে রেকর্ড বাদ দেন। পরে দেখা গেল তিনি আর তার স্ত্রী উৎপলা সেনই নাই, ওই লোক ঠিকই আছেন বহাল তবিয়তে।
এক পণ্ডিত গানের শিক্ষককে বাসা ভাড়া না দেওয়ার জন্য বাসা থেকে বের করে দিবে। খবর শুনেই তিনি বকেয়া বাসা ভাড়া তো দিলেন, যতদিন ওই শিল্পী ছিলেন বাসা ভাড়া দিতেন সতীনাথ।
সুর মাথায় এলে হতেন দিকশূন্য। গান আসলো তো, সিগারেটের প্যাকেট ছিঁড়ে তাতেই কথা লিখেছেন। নোটেশন করেছেন। চাঁদনি রাতে গাড়িতে যেতে যেতে হঠাৎ লিখে ফেলছেন, ‘জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো’ কিংবা ‘এখনও আকাশে চাঁদ ওই জেগে আছে’।
নতুন গানের সুর ভাঁজতে গিয়ে বেখেয়ালে নিয়ম ভেঙে থানাতেও গেছেন। ভুল জায়গায় পার্কিং করে ফেলেছিলেন। ট্রাফিক পুলিশ সোজা পার্ক স্ট্রিট থানায় ধরে নিয়ে যান। তাতেও হুঁশ নেই। থানার চেয়ারে বসে বসেই সুর লাগাচ্ছেন। গলা শুনে ওসি ছুটে এসে দেখেন সতীনাথ মুখোপাধ্যায়!
হুগলি মহসিন কলেজে ফুটবল ম্যাচ হচ্ছে। গোলকিপিং করছে যে ছেলেটি, সে মাঝে মাঝেই গুন গুন করে গান গায়। উপস্থিত দর্শক সতীনাথের কানে গেল। খেলা শেষে ছেলেটিকে ডেকে নিয়ে তিনি কলকাতায় গিয়ে ভালো ওস্তাদের কাছে গান শেখার পরামর্শ দিলেন।
সে দিনের সেই গোলকিপার, পরবর্তী কালের শ্যামল মিত্র।
সতীনাথের সুরে ‘এ বার তা হলে আমি যাই’ গানটি তুলতে বসে মোহম্মদ রাফি সুরকারকে বলেছিলেন, “আপনার আসল জায়গা হল বোম্বে, এখানেই চলে আসুন।”
তিনি কোথাও যান নি। গান গেয়েছেন সুর করেছেন। এরশাদের আমন্ত্রণে বাংলাদেশেও এসেছেন।
যায়যায়দিনে অনেক দিন আগে পড়েছিলাম, সতীনাথের সেই অনুষ্ঠান দেখতে যারা গিয়েছিলেন বয়স্ক গলা শুনে হতাশ হয়েছেন। ক্যাসেটের সঙ্গে তো মেলে না।
গীতা দত্তর কথা বলা যাক। তখন উৎপলা থাকেন দু্ই নম্বর কেয়াতলা রোডের বাড়িতে। প্রতি বছর দূর্গাপূজার সপ্তমীতে জলসা আয়োজন করতেন তিনি। কে না আসতেন সেখানে!
ক্লাবের সদস্যরা সে বার বললেন, “গীতা দত্তকে বলে দেখুন না, যদি আসেন।”
গীতা দত্ত তখন সুপারহিট। তাকে দেওয়ার মতো টাকা কোথায়! উৎপলা ফোনে ধরলেন।
বললেন, “আমরা তো টাকাপয়সা তোমায় দিতে পারব না, প্লেন ভাড়াটা দিতে পারি।”
ও পাশ থেকে উত্তর এল, “তুমি বলছ যেতে, তোমার কাছ থেকে প্লেন ফেয়ার নেব? কী বলছ!”
ষষ্ঠীর দিন কলকাতায় চলে এসেছিলেন গীতা দত্ত। গুরু দত্ত যখন মারা যান, খুব অসুস্থ হয়ে পড়েন গীতা দত্ত। তখন বারবার দেখা করতে চাইতেন সতীনাথের সঙ্গে। গীতা দত্তর ভাই কানু রায় তাকে নিয়ে যান নার্সিংহোমে। সতীনাথ তখন বেনিয়ান কাটের শেরওয়ানি পরতেন। ঘরে ঢুকতে অসুস্থ শরীরে চমকে উঠে বসেন গীতা দত্ত। সতীনাথকে নাকি হুবহু গুরু দত্তর মতো লেগেছিল।
খুব ভালো নাকি রান্না করতেন সতীনাথ। তার প্রথম স্ত্রীর অকাল মৃত্যু হয়েছিল। এরপর তিনি বিয়ে করেন কন্ঠশিল্পী উৎপলা সেনকে। খুব ইচ্ছে ছিল তাদের একটা মেয়ে হোক। কিন্তু ছেলের কথা ভেবে তারা আর সন্তান নেননি।
একটা পুতুলকেই মেয়ে বানিয়ে খেলতেন ঘরে। থার্ড ওয়েভ নারীবাদীদের ভাবনার চেয়েও তিনি ছিলেন স্ত্রীর প্রতি কেয়ারিং। সবসময় চাইতেন শিল্পী হিসাবে উৎপলা সেনই নাম করুক।
একবার উৎপলা সেনের এক রেকর্ড হবে স্টুডিওতে, বিখ্যাত বাদক ভি বালসারা অসুস্থ। উনি সারা রাত জেগে হারমোনিয়ামে সেই পিয়ানোর কাজটা তুললেন। যেন স্ত্রীর রেকর্ডটা ভেস্তে না যায়।
মেহেদি হাসানের খুব ভক্ত ছিলেন। তিনি একমাত্র শিল্পী যিনি উর্দু পারার কারণেই মেহেদি হাসানের সঙ্গে আড্ডা মারতেন কলকাতায় এলে। তিনি মেহেদি হাসানকে দিয়ে গাইয়েছেন বাংলা গান।
আজ ছিল সতীনাথ মুখোপাধ্যায়ের মৃত্যু বার্ষিকী। ৯২ সালের এদিনেই তিনি চলে যান সবাইকে ছেড়ে। শ্রদ্ধা ভালোবাসা সব তার জন্য। উনি না থাকলে আমাদের বেদনার গান হয়ে এত মধুরভাবে বাজতো কীভাবে!
