চঞ্চলের ‘তাকদীর’ আসছে ১৮ ডিসেম্বর
অনলাইন এন্টারটেইনমেন্ট প্লাটফর্ম হইচইয়ের অরিজিনাল সিরিজ ‘তাকদীর' প্রকাশ করা হবে ১৮ ডিসেম্বর।
এ সিরিজের নাম ভূমিকায় অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী। এতে আরও সানজিদা প্রীতি, ইন্তেখাব দিনার, পার্থ বড়ুয়া, মনোজ প্রামাণিক ও সোহেল মন্ডল রানা।
সিরিজটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী ও সালেহ সোবহান অনীম, চিত্রনাট্য লিখেছেন নিয়ামত উল্লাহ মাসুম ও সৈয়দ আহমেদ শাওকী। এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে দায়িত্ব পালন করেছে চলচ্চিত্র নির্মানকারী প্রতিষ্ঠান ফিল্ম সিন্ডিকেট।
সেপ্টেম্বরে সিরিজে ফার্স্টলুক প্রকাশের পর রোববার এর ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে মুক্তির তারিখ জানানো হয়েছে।
ভার্চুয়াল লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে সিরিজটির ট্রেইলার উন্মোচন করেন চঞ্চল চৌধুরী।
সিরিজের গল্প আবর্তিত হয়েছে লাশবাহী ফ্রিজার ভ্যান চালক তাকদীরকে (চঞ্চল চৌধুরী) ঘিরে। ট্রেইলারে দেখা যায় সাংবাদিক আফসানা (সানজিদা প্রীতি) উদ্দেশ্য প্রণোদিতভাবে লোকচক্ষুর আড়ালে রেখে দেয়া একটি ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হন। ঘটনা মোড় নেয় ভিন্নদিকে।
চঞ্চল চৌধুরী বলেন, “তাকদীরের মতো অভিনব একটি চরিত্রের রুপদান করার চ্যালেঞ্জটি নিতে পেরে আমি উচ্ছ্বসিত। আমি অত্যন্ত আনন্দিত যে হইচই এর মতো বড় অনলাইন এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম এখন বাংলাদেশের নির্মাতাদের সাথে বাংলাদেশের দর্শকদের জন্য কাজ করছে।”
হইচই বাংলাদেশের প্রধান সাকিব আর খান জানান, “হইচই সব সময় চেয়েছে দর্শকদের ভাল গল্প; সত্যিকার অর্থে জীবনঘনিষ্ঠ মানবিক গল্প দর্শকদের উপহার দিতে। ‘তাকদীর’ এই প্রয়াসেরই ধারাবাহিকতার নমুনা। সিরিজটি দর্শকরা ভালবাসলে আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে।”
