২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রীতিলতা’ চলচ্চিত্রে গাইলেন সাব্বির নাসির

ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের গল্প নিয়ে নির্মিতব্য 'প্রীতিলতা' চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন কণ্ঠশিল্পী সাব্বির নাসির।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2020, 08:35 PM

Updated : 08 Apr 2022, 01:37 AM

‘মানুষ’ শিরোনামে গানটি রাজধানীর একটি স্টুডিওতে রেকর্ডিং হয়েছে। গোলাম রব্বানীর কথায় এ গানের সংগীতায়োজন করেছেন নিরব।

সাব্বির নাসির বলেন, “বাংলা সিনেমার গানে এটা আমার প্রথম প্লেব্যাক, সে কারণে আনন্দিত, তার চেয়ে বেশি আনন্দিত প্রীতিলতার টিমের সঙ্গে যুক্ত হতে পেরে। অসম্ভব ভালো একটা গান। অন্য ধরনের একটা কাজ বলতে পারি। নিরব চেষ্টা করেছে মিউজিকে ভিন্ন স্বাদের কিছু দেওয়ার। একবার শুনলে দ্বিতীয় বার নিজে নিজে গাইতে পারার মতো গান এটা।”

গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে রাশিদ পলাশের পরিচালনায় নির্মিত এ চলচ্চিত্রের অন্য একটি গানে কণ্ঠ দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী কবির সুমন।

এই চলচ্চিত্রে শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী পরীমনি।

১ নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে।

ছবির প্রথম লটের শুটিংয়ে অভিনয় করছেন তানভীর, মামুন বিশ্বাস, মুকুল সিরাজী, রিপা, সাইফ চন্দন, আর এ রাহুল, রাজু খান, আফরিনা বুলবুল ও অন্যরা।