কবরীর চলচ্চিত্রে মোহাম্মদ বারী
সরকারি অনুদানপ্রাপ্ত ও কবরী পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ চলচ্চিত্রে অভিনয় করছেন অভিনেতা ও নাট্যনির্দেশক মোহাম্মদ বারী।
চলচ্চিত্রে কবরীর স্বামীর চরিত্রে দেখা যাবে বারীকে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে চলচ্চিত্রের দৃশ্যধারণ শুরুর পর ছয় মাসের বিরতি ছিল। সেপ্টেম্বরের শেষের দিকে শুরু হওয়ায় শুটিংয়ে অংশ নেন কবরী, মোহাম্মদ বারী।
বারী বলেন, “থিয়েটার, টেলিভিশন নাটক, সিনেমা- তিনটা তিন রকমের মাধ্যম। মঞ্চে এবং নাটকে অনেক কাজ করা হলেও সিনেমায় খুব বেশি কাজ করা হয়নি। নানা কারণেই হয়ে উঠেনি। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী কবরীর সঙ্গে অভিনয় করাটা দারুণ উপভোগ করছি।”
সিনেমার গল্পে দুটি সময়কে তুলে ধরা হচ্ছে। মুক্তিযুদ্ধের সময়কার সঙ্গে বর্তমান সময়কে প্রেমের আদলে তুলে ধরা হচ্ছে।
মোহাম্মদ বারী এর আগে আবু সাইয়িদ পরিচালিত ‘নিরন্তর’, বেলাল আহমেদের ‘ভালোবাসাবোই তো’, রূবাইয়াৎ হোসেনের ‘মেড ইন বাংলাদেশ’, ফাখরুল আরেফীন খান পরিচালিত ‘গণ্ডি’ চলচ্চিত্রে অভিনয় করছেন।
মঞ্চে একাধারে নাট্যকার, অভিনেতা ও নাট্যনির্দেশক হিসেবেও কাজ করছেন তিনি।
সাংগঠনিকভাবে বাংলাদেশ পথ নাটক পরিষদের সহসভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি অনুস্বর নাট্যদলের প্রধান হিসেবে দায়িত্বে রয়েছেন। মঞ্চের পাশাপাশি টেলিভিশনের পর্দায়ও নিয়মিত দেখা যায় তাকে।
