২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্সারের কাছে পরাজিত হলেন গিটারিস্ট ভ্যান হ্যালেন

গিটারের জাদুকর হিসেবে পরিচিত এডি ভ্যান হ্যালেনের মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৫ বছর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2020, 03:19 PM

Updated : 08 Apr 2022, 01:26 AM

‘ভ্যান হ্যালেন’ রক ব্যান্ডের প্রতিষ্ঠাতা এই মার্কিন গিটারিস্ট বহুদিন ধরে ক্যান্সারে ভুগে মঙ্গলবার সকালে পৃথিবী ছেড়ে চলে গেছেন।

তার ছেলে উলফ ভ্যান হ্যালেনের টুইটারে পোস্ট থেকে সংবাদ সংস্থা সিএনএন-সহ বিভিন্ন সংবাদ মাধ্যম এই খবর প্রকাশ করে।

উলফ ভ্যান হ্যালেন লেখেন, “ভগ্ন হৃদয়ে জানাচ্ছি আমার বাবা আর নেই। মঞ্চের বাইরে কাটানো তার সঙ্গে প্রতিটি মুহূর্ত আমার কাছে অমূল্য উপহার।”

২০০৯ সালে এডি ভ্যান হ্যালেন অভিনেত্রী ভ্যালেরি বার্টেনেলিকে বিয়ে করেন।

বার্টেনেলি টুইট করেন, “৪০ বছর আগে এই গিটার জাদুকরের সঙ্গে পরিচয় হওয়ার পর আমার জীবন পাল্টে যায়। এতগুলো বছল ফুসফুসের ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে যে চলে গেলেও তার আত্মার শান্তি কামনা করি।”

এডি ভ্যান হ্যালেনের পুরো নাম এডওয়ার্ড লজউইজক ভ্যান হ্যালেন। তার ভাই অ্যালেক্স ভ্যান হ্যালেনের সঙ্গে তরুণ বয়স থেকেই গিটার বাজানো শুরু করেন। তবে নিজের নামে ব্যান্ড প্রতিষ্ঠা করেন কণ্ঠ শিল্পী ডেভিড লি রথের সঙ্গে পরিচিত হওয়ার পর।

চার দশক ধরে রথ এবং এই গিটারের জাদুকর ১২টিরও বেশি অ্যালবাম প্রকাশ করেছেন। তার বিভিন্ন অ্যালবাম প্লাটিনাম খেতাব পেয়েছে। তবে কণ্ঠ শিল্পী হিসেবে ঘুরে ফিরে এসেছেন রথ থেকে স্যামি হ্যাগার, গ্যারি শ্যারন আবার হ্যাগার তারপর আবার রথ।

‘রানিং উইথ দ্য ডেভিল’, ‘পানামা’, ‘হট ফর টিচার’, ‘হোয়াই ক্যান্ট দিস বি লাভ?” গানগুলোতে যেমন ছিল বিদ্যুতের চমক তেমনি ‘জাম্প’ ছিল ১৯৮৪ সালে পপ শীর্ষ তালিকায় একমাত্র গান।

মাইকেল জ্যাকসনের ‘বিট ইট’ এবং ‘থ্রিলার’ গানের তার গিটারের কারুকাজের জন্যও এই সংগীত শিল্পী বিখ্যাত হয়ে আছেন।

বাজানোর ঢংয়ে কোনো রকম মিল না থাকলেও আরেক গিটারের জাদুকর এরিক ক্ল্যাপ্টনের গিটার বাজানোর থেকেই ছয় তারে সুর তুলতে উদ্বুদ্ধ হয়েছিলেন ভ্যান হ্যালেন।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ক্ল্যাপ্টনের বাজানো দেখেই আমি হাতে গিটার তুলে নেই। তার ঢং আজও আমার মস্তিষ্কে গেঁথে আছে। ব্লুজ ঘরানার সংগীত এখনও আধুনিক রক গিটারের প্রধান বিষয়।

ভ্যান হ্যালেনের মৃত্যুতে ‘কিস’ ব্যান্ডের জেনে সিম্পসন, ‘ডেফ লেপার্ড’য়ের জো ইলিয়ট, ‘ব্ল্যাক সাবাথ’য়ের গিজার বাটলার-সহ বহু সহশিল্পী সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের দুঃখ প্রকাশ করেছেন।