২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শামীমের ‘ইয়ার্কি’

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালার নতুন নাটক ‘ওসিডি’র গানের কথাগুলোয় হাস্যরসে এসেছে দুই অভিনয় শিল্পী শামীম ও সারিকার বিয়ের পরের গল্প।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2020, 03:53 PM

Updated : 18 Aug 2022, 03:51 PM

ইউটিউব ও ফেসবুকে সিনেমাওয়ালার চ্যানেলে এটি মুক্তি পেয়েছে।

গানটিতে দেখা যাবে,  সারিকা সাবাহকে বিয়ে করে খুশি হয়েছিলেন শামীম হাসান সরকার। কিন্তু দিন যত যায়, বউয়ের শাসন আর অতিরিক্ত সতর্কতায় হাঁপিয়ে ওঠেন তিনি। এমন পরিস্থিতিতে পড়ে শামীম মনে করেন, ‘বিয়েশাদি মানে পুরাটাই ইয়ার্কি/ পাগলের কারখানা নয়তো আর কী!’

তার অনুভূতি এখন এমন, ‘পাগল হইতে আর বেশি দেরি নাই/ বিয়ের আগে ভাবছিলাম ভেরি নাইস।’

‘ইয়ার্কি’ শিরোনামের গানটি লিখেছেন জনি হক। এতে কণ্ঠ দিয়েছেন আয়েশা মৌসুমী ও নূর নবী। সুর ও সংগীত পরিচালনায় আহমেদ সবুজ।

গানটির চিত্রায়নে শামীম হাসান সরকার ও সারিকা সাবাহ ছাড়াও অংশ নিয়েছেন মনিরা মিঠু ও অহনা তাহসিন অপ্সরা। তাদের দেখা যাবে ননদ-শাশুড়ির ভূমিকায়।

‘ওসিডি’ তথা অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার নাটকটির বিষয়বস্তু শুচিবাই রোগ। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন কেএম সোহাগ রানা। তিনি নির্মাতা রাজের সহকারী পরিচালক হিসেবে কাজ করে থাকেন। সম্প্রতি ঢাকার উত্তরায় এর শুটিং সম্পন্ন হয়েছে।

ইউটিউবে সিনেমাওয়ালার চ্যানেলে ১ অক্টোবর মুক্তি পেয়েছে ‘ওসিডি’ নাটকটি।