২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিত্রনায়িকা পপি করোনাভাইরাসে আক্রান্ত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2020, 11:51 PM

Updated : 08 Apr 2022, 01:07 AM

তার নমুনা পরীক্ষায় বুধবার করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে বলে জানান পপি। এখন তিনি খুলনার খালিশপুরের বাসায় থেকে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।

তিনি গ্লিটজকে জানান, সপ্তাহখানেক ধরে জ্বর ও কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্তের পর থেকেই পরিবারের সদস্যদের থেকে আলাদা থাকছেন।

এখনও তিনি জ্বর, কাশি ও শ্বাসকষ্ট ভুগছেন জানিয়ে পপি বলেন, “আগামী সপ্তাহে দ্বিতীয়বারের মতো পরীক্ষার জন্য নমুনা জমা দেবো।”

দেশে করোনাভাইরাসের প্রকোপের আগেই জন্মস্থান খালিশপুরে গিয়েছিলেন পপি; পরে করোনাভাইরাসের মধ্যে আর ঢাকায় ফেরেননি তিনি।

নিজের জন্মস্থান ও আশেপাশের এলাকায় অসচ্ছলদের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন এ চিত্রনায়িকা।

১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় এ নায়িকার।

‘কী যাদু করিলা’, ‘মেঘের কোলে রোদ’ ও ‘গঙ্গাযাত্রা’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে দর্শকমহলে প্রশংসিত হয়েছেন এ পপি।