মহামারীর গল্পে টালিগঞ্জের চলচ্চিত্রে প্রসেনজিৎ-জয়া
করোনাভাইরাস সঙ্কটের মধ্যে মানুষের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের গল্পে নির্মিতব্য চলচ্চিত্রে কলকাতার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী জয়া আহসান।
কলকাতার পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় ‘অসতো মা সদগময়’ শিরোনামে এ চলচ্চিত্রে তাদের সঙ্গে রুদ্রনীল ঘোষ ও অরুণ মুখোপাধ্যায় থাকবেন বলে এক খবরে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
এর আগে গত বছরে ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত অতনু ঘোষের ‘রবিবার’ চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ-জয়া।
চলচ্চিত্রের গল্প নিয়ে পরিচালক ইন্দ্রদীপ বলেন, “কয়েকমাসে এই মহামারীর আমাদের মানসিকতায় কতটা পরিবর্তন এনেছে, জনজীবনের কতটা বদল এসেছে তা নিয়েই চলচ্চিত্রের গল্প সাজানো হয়েছে।”
মাত্র পাঁচ চরিত্র নিয়ে এ চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে বলে জানান পরিচালক; স্বাস্থ্যবিধি মেনে শিগগিরই ছবির শুটিং শুরু করতে চান তিনি।
জয়া আহসান বলেন, “পরিচালক যখন গল্পটা শোনালেন এর সঙ্গে নিজের সম্পর্ক খুঁজে পেয়েছি। মহামারীর এই সময়ে আমরা সবাই মানসিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি। সবকিছু মিলিয়ে ছবিটি নিয়ে আমি আশাবাদী।”
শুটিংয়ের তারিখ নিশ্চিত হলেই কলকাতায় শুটিংয়ে যোগ দেবেন বলে জানান জয়া।
ছবির সংগীত পরিচালনার দায়িত্বেও থাকছেন ইন্দ্রদীপ। পদ্মনাভ দাশগুপ্তকে নিয়ে ছবির চিত্রনাট্যও করেছেন তিনিই।
