’ফেরারি পাখি’ লাকীর জন্মদিন
’আমায় ডেকো না- ফেরানো যাবে না’, “কে বাঁশি বাজায় রে’ সব অসংখ্য এমন গান- যে গান শুনলে মনে হয়- নিজেদের জীবনের কথা- সেই গানের কারিগর লাকী আখন্দ।
আজ তার জন্মদিন। বাংলাদেশের অনেক শিল্পীর মত তিনিও অভিমানী- তিনিও ছিলেন নামে লাকী হয়েও প্রাপ্তিতে অনেকটাই ‘আনলাকী’- অন্তত তার সহকর্মীরা তাই ভাবেন। লাকী আখন্দকে নিয়ে স্মৃতিচারণে তারই ছোট্ট গল্প তুলে ধরলেন আরাফাত শান্ত।
বাংলাদেশের গানের রাজপুত্র লাকী আখন্দের আজ জন্মবার্ষিকী। তিনি চলে গেছেন যদিও এইসব মন খারাপের দিন পালন করার কিছু নাই তবুও ব্যাপারটা খুবই হতাশার যে দেশের জনপ্রিয় পত্রিকা গুলোর বিনোদন পাতায় এই খবরটার জায়গা হয় ছোট্ট করে।
অথচ শুধু বিনোদন কেন, লাকী আখন্দ আমাদের জেনারেশন কিংবা তার আগের জেনারেশনেও এমন প্রভাব রেখেছেন উনার নাম উচ্চারিত হওয়া দরকার ছিল সব সময়।
গানের কথা বাদ দেন একজন মুক্তিযোদ্ধা হিসাবেও তার নাম আসা প্রয়োজন ছিল। জানা দরকার ছিল সবার।
স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে উনাকে গ্রহণ করেনি, বয়সে ছোট বলে আর সুরকারের দরকার নেই বলে। উনি চলে গেছেন শ্যামল মিত্রের কাছে। শ্যামল মিত্র উনাকে আপনি করে যখন বললো তখন উনি আশাবাদী হলেন।
তবুও শ্যামল মিত্র জানালেন, আপনি পাকিস্তান এইচএমভি থেকে আসছেন, এইচএমভির অফিসে যান, আমি কি করতে পারবো? ভারী রাগ হলো উনার, জানালেন আপনার গান শুনে বড় হয়েছি, নিতান্তই বাধ্য হয়ে এসেছি, আপনি যদি এরকম বলেন তাহলে হয়। শ্যামল মিত্র একটা চিঠি লিখে পাঠিয়ে দিলেন আকাশবানীতে। আকাশবানীর লোকজন তেমন বিশ্বাস করে না। উনার ইন্টারভিউ হলো, কিশোর ছেলে তাক লাগিয়ে দিলেন, শুরু হলো সুরকার হিসাবে পথ চলা। হাওড়ার এক মুসলিম বন্ধুর বাসায় আশ্রিত ছিলেন, সেখান থেকে সার্কিট হাউজে ছোট্ট রুমে ঠাই হলো। খুব ভালো কাজ করতে পারেন নাই, কিন্তু দেখিয়ে দিয়েছেন ঢাকার স্কুল পড়ুয়া এক কিশোরের ক্ষমতা। যা পেতেন নিজের জন্য জন্য সামান্য রেখে সব দিয়ে দিতেন রিফিউজিদের।
গানের মূল্যায়ন করার আমি তো কেউ না। কিন্তু তার গান গেয়ে যত লোক টাকা পয়সার মুখ দেখেছে, এরকম মানুষ বিরল। অনেকেই গান করে, নাম করে, বিখ্যাত হয়। কিন্তু উনি গান গাইতেন নিজের সাথে নিজের যুদ্ধ করে। কারন তার ভাই হ্যাপী আখন্দের অকাল প্রয়াত হবার পর গান গাইতেই ইচ্ছে করতো না, খুবই কাঁদতেন, অনেকদিন পর তার মনে হয়েছে গানের মাধ্যমেই হ্যাপী কে বাঁচিয়ে রাখতে হবে, তখন আবার গাওয়া শুরু করলেন।
তার গান ও সুরকে অনেকে ব্যান্ড ও পপ ঘরানার বলে। তাদের সঙ্গে একমত হতে পারিনি। তার সুর ও ঝোকটা মূলত বাংলা আধুনিক গানেরই, সাথে এসেছে ওয়েস্টার্ন ক্লাসিকাল ও জ্যাজ আর ব্লুজ। বাংলা গানের যে মেলোডি তাই তার শক্তি, কে বাঁশী বাজায়রে কিংবা আগে যদি জানিতামে এসেছে সেই চিরচেনা বাংলা গানের কথা যা গিয়ে মিশেছে পশ্চিমের কোনো সুরে, নাগরিক বিষন্নতার সাথে। ইউটিউবে আমি একটা ভিডিও দেখি, কয়েক বছর আগে বাপ্পা মজুমদার কোনো এক আমেরিকার শহরে লাকী আখন্দের গান গাচ্ছেন, তিনি গাইলেন সামান্যই, পুরো গানটাই গেয়ে ফেললো উপস্থিত শ্রোতারা। কি যে ভালো লাগে দেখতে, এভাবেই তিনি মিশে আছেন সবার অন্তরে।
এক রেডিও কর্মকর্তার লেখা পড়েছিলাম উনি জানাচ্ছিলেন, 'লাকী ভাই এত ভালো মানুষ, আমাদের মত শিল্প ও গান বুঝে না মানুষদের সাথেও আলাপ করতেন অনেক, আড্ডা মারতেন দিনের পর দিন। যে রাশভারী মুডি উনার এপ্রোচ তাঁর পিছনে যে এরকম স্নেহময় মানুষ আছে তা না মিশলে কেউ বুঝবে না।'
এক টেলিভিশনে লাইভে লাকী আখন্দ বলছিলেন, 'হ্যাপীর গান আগে গাইতে পারতাম না। ছেলেটা মারা গেছে তাঁর গান কিভাবে গাই, এখন গাইতে পারি, অনেক দিন হয়ে গেল তো তাই গাইতে আর বুকে বাঁধে না।' এই কথাটা বলার সময় উনার চোখের যে চাহনী তা অনেকদিন মনে থাকবে। এরাই শিল্পী। তবে তার আগে ভালো মানুষ। এরকম ভালো মানুষরা হয়তো অকালেই চলে যায়। ভালো থাকুন লাকী আখন্দ, আপনার গান যারা শুনেছে আপনাকে তারা ভুলবে না, ভুলতে পারাটা অসম্ভব।
