২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কবে মুক্তি পাচ্ছে হলিউডের নতুন চলচ্চিত্র?

কোভিড-১৯ মহামারীর দ্রুত কোনো সমাধানের সম্ভাবনা নেই। তাই বাতিল হওয়ার পাশাপাশি পিছিয়ে যাচ্ছে বিনোদন দুনিয়ার পূর্ব-নির্ধারিত সূচিগুলো।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2020, 09:13 PM

Updated : 08 Apr 2022, 12:38 AM

ট্যুর, কনসার্ট, অ্যাওয়ার্ড শো, মুভি মুক্তিসহ নতুন করোনাভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পাচ্ছে না কোনো কিছুই।

১৪ মার্চ রিডপপ ঘোষণা দিয়েছিল চলতি বছরের মে মাসে আয়োজিত হবে বুকএক্সপো। তবে তা এখন পিছিয়ে জুন মাসে গিয়ে ঠেকেছে। প্রকাশনা প্রতিষ্ঠানের বার্ষিক এই আয়োজন হওয়ার কথা ছিল নিউ ইয়র্কের জ্যাকব জেভিটস কনভেনশন সেন্টারে, যা বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার স্বার্থে হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে।

অন্যদিকে, ডিজনি তাদের ‘ব্ল্যাক উইডো’র মুক্তির তারিখ পিছিয়ে ২০২২-এ নিয়ে গেছে। স্টুডিওটি তাদের আরেক ছবি ‘মুলান’ মুক্তির তারিখ পিছিয়ে জুলাইয়ের ২৪ তারিখ নিয়ে গেছে, যা মার্চের ২৭ তারিখ মুক্তি পাওয়ার কথা ছিল।

টম ক্রুজের বহুল আলোচিত ও প্রতিক্ষিত চলচ্চিত্র ‘টপ গান: ম্যাভরিক’ ২৪ জুন মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২৩ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। এছাড়া ‘দ্যা স্পঞ্জবব মুভি: স্পঞ্জ অন দ্যা রান’ ২২ মার্চের পরিবর্তে ৩১ জুলাই মুক্তি দেওয়া হবে।

২৭ ডিসেম্বর মুক্তি দেওয়ার কথা থাকলেও ক্রিস প্র্যাট অভিনীত সাই-ফাই ছবি ‘দ্যা টুমরো ওয়ার’-এর মুক্তির নতুর তারিখ অনির্দিষ্টকালের জন্য পেছানো হয়েছে। হরর ছবি ‘অ্যা কোয়াইট প্লেস পার্ট টু’-এর মুক্তির তারিখ পিছিয়ে নেওয়া হয়েছে সেপ্টেম্বরের ৪ তারিখ।

ইউনিভার্সাল পিকচার্স জানায়, অ্যানিমেইটেড সিক্যুয়াল ‘মিনিয়ন্স: দ্যা রাইজ অফ গ্রু’ এ বছরের ৩ জুলাইয়ের পরিবর্তে ২০২১ সালের ২ জুলাই মুক্তি পাবে। পাশাপাশি, ব্রডওয়ে মিউজিক্যাল ‘উইকেড’ এর তারিখ নির্ধারণ করা ছিল চলতি বছরের ডিসেম্বরে, যা অনির্দিষ্টকালের জন্য পেছানো হয়েছে।

অ্যানিমেইটেড সিক্যুয়েল ‘সিং ২’ ২০২১ সালে মুক্তির কথা থাকলেও তা এখন নতুন তারিখের খোঁজে আছে।