২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউডেও করোনাভাইরাসের ধাক্কা

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আগামী ১৯ থেকে ৩১ মার্চ পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখছে ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2020, 09:11 PM

Updated : 10 Oct 2022, 07:03 PM

প্রডিউসারস গিল্ড অফ ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা কুলতিম মক্কর এক বিবৃতিতে বলেছেন, “আমাদের সহকর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তাই প্রথম। তাই প্রোডাকশন (শুটিং) বন্ধ রাখতে ইন্ডাস্ট্রির সর্বসম্মত সিদ্ধান্তকে আমরা পুরোপুরি সমর্থন করছি।”

রোববার ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর’র অ্যাসোসিয়েশন, ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়ান সিনে এমপ্লয়ীজ ও প্রডিউসারস গিল্ড অফ ইন্ডিয়ার বৈঠকে ১২ দিন ফিল্ম, টেলিভিশন শো ও ওয়েব সিরিজ সব কিছুর শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত হয় বলে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে।

সিএনএনের ভাষ্য মতে, প্রতি বছর তৈরি হওয়া ফিল্মের সংখ্যার বিচারে বিশ্বের সবচেয়ে বড় ফিল্ম ইন্ডাস্ট্রি ভারতের, প্রতি বছর ২০টির বেশি ভাষায় প্রায় দুই হাজার নতুন চলচ্চিত্র নির্মিত হয় দেশটিতে।

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর কিছু দিন আগে থেকেই বলিউড তারকারা এই রোগ প্রতিরোধে সোশাল মিডিয়ায় সচেতনতামূলক পোস্ট দিচ্ছেন।

অমিতাভ বচ্চনের এক ভিডিও বার্তায় নিয়মিত হাত ধোয়া ও ঘরে থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি সামাজিক মেলামেশা নিরুৎসাহিত করা হয়েছে।

সাক্ষাতে সংশ্রব এড়িয়ে অভিবাদন জানানোর ভারতীয় রীতি ‘নমস্তি’রত নিজের ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।