করোনাভাইরাস: ‘ঊনপঞ্চাশ বাতাস’র মুক্তি স্থগিত
করোনাভাইরাসের কারণে ‘ঊনপঞ্চাশ বাতাস’ চলচ্চিত্রের মুক্তি স্থগিত করলেন পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল।
১৩ মার্চ এ চলচ্চিত্রের মুক্তির কথা ছিল; সম্প্রতি দেশে ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর জনসমাগম এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নির্মাতা।
তিনি বলেন, “আমরা জানি দর্শক দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন সিনেমাটি দেখার জন্য । কিন্তু এই মুহূর্তে আমরা কোনভাবেই মানুষকে কোন ধরণের বড় জমায়েতে একত্রিত হতে উৎসাহিত করতে চাই না ।
“আমরা বিশ্বাস করি, ইতোমধ্যে আপনারা ‘ঊনপঞ্চাশ বাতাস’ চলচ্চিত্রকে যে ভালোবাসা দিয়েছেন তা অক্ষুণ্ণ থাকবে।”
পরবর্তীতে কবে ছবিটি মুক্তি দেওয়া হবে-তা এখনই জানাতে পারেননি তিনি। করোনা পরিস্থিতির বিষয়টি মাথায় রেখে পরবর্তীতে নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানান উজ্জ্বল।
এ সিনেমার মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হবে ছোটপর্দার অভিনেত্রী শার্লিন ফারজানার। তার বিপরীতে থাকছেন উঠতি অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। এতে মোট পাঁটটি গান থাকছে। এর মধ্যে অর্থহীনের সাইদুস খালেদ সুমনেরও একটি গান রয়েছে।
পরিচালনার পাশাপাশি ছবিটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য, শিল্প নির্দেশনা ও সংগীত পরিচালনাও করছেন মাসুদ হাসান উজ্জ্বল।
ছবিটি প্রযোজনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান রেড অক্টোবর।
