২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অপারেশন সুন্দরবন’র শুটিংয়ে কলকাতার দর্শনা

টালিগঞ্জ, তেলেগু ও বলিউডের পর এবার বাংলাদেশের চলচ্চিত্রে নাম লেখালেন কলকাতার উঠতি নায়িকা দর্শনা বণিক।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2020, 01:42 PM

Updated : 08 Apr 2022, 12:27 AM

নির্মাতা দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ ছবিতে রোশানের বিপরীতে একজন মেডিক্যাল অফিসারের ভূমিকায় অভিনয় করছেন তিনি। ইতোমধ্যে সুন্দরবন এলাকায় ১০ দিনের মতো শুটিং করেছেন এ নায়িকা।

আরও দিন চারেক শুটিংয়ের পর তিনি দেশে ফিরবেন বলে গ্লিটজকে জানান দীপন।

অপারেশন সুন্দরবনকে বলা হচ্ছে বাংলাদেশের প্রথম ওয়াইল্ডলাইফ অ্যাকশন থ্রিলার। এর চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে নাজিম উদ-দৌলা ও দীপংকর দীপন। প্রযোজনা করছে র‍্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।

গত ডিসেম্বরে চলচ্চিত্র দৃশ্যধারণ শুরু হয়েছে; বর্তমানে শেষ লটের দৃশ্যধারণের কাজ চলছে।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, রোশান, রিয়াজ, তাসকিন রহমান, মনোজ প্রামাণিকসহ আরও অনেকে।

২০১৮ সালে অর্ঘদীপ চ্যাটার্জির ‘জোজো’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে পা ফেলা এ নায়িকাকে একই বছর তেলেগু ‘আতাগাল্লু’ চলচ্চিত্রে দেখা গেছে। সম্প্রতি ইমরান হাশমির বিপরীতে ‘এজরা’ নামের বলিউডের একটি চলচ্চিত্রে নাম লিখিয়েছেন তিনি।

তার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র ‘হুল্লোড়’ মাস খানেক আগে কলকাতা ও বাংলাদেশ মুক্তি পেয়েছে।

তিনি বছর খানেক আগে বাংলাদেশের তরুণ গায়ক ইমরানের ‘তোর নামের ইচ্ছেরা’ শিরানামে একটি গানের মডেলিং করেছিলেন।