২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ কাউন্সিল ও ঢাকা থিয়েটারের অন্যরকম নাট্যকর্মশালা

ঢাকা থিয়েটারের সহযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও নাট্যকর্মীদের জন্য আগামী ১৯-২৩ মার্চ নাট্যকর্মশালা আয়োজন করতে যাচ্ছে ব্রিটিশ কাউন্সিল।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2020, 02:35 PM

Updated : 08 Apr 2022, 12:27 AM

ব্রিটিশ কাউন্সিলের ডেয়ার (ডিজ্যাবিলিটি আর্টস: রিডিফাইনিং এমপাওয়ারমেন্ট) প্রকল্পের অধীনে মূলধারার নাট্যকর্মী এবং সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।  

ব্রিটিশ কাউন্সিলের তিন বছর মেয়াদী প্রকল্প ‘ডেয়ার’সমাজের সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী জনগোষ্ঠীর মানুষদের মূলধারায় নিয়ে আসার লক্ষ্য নিয়ে কাজ করছে। মঞ্চের কর্মশালার সাহায্যে তাদের ক্ষমতায়ন ও সামাজিক অন্তর্ভুক্তির মাধ্যমে নিজেদের পরিচয় তুলে ধরতে এই প্রয়াস গত ডিসেম্বরে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রাথমিক পর্যায়ে বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

সমতা, বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নির্মাণে কাজ করছে ব্রিটিশ কাউন্সিল। এর আগে ২০১৬ সালে ব্রিটিশ কাউন্সিল, ঢাকা থিয়েটার ও যুক্তরাজ্যের গ্রেআই থিয়েটার যৌথভাবে বাংলাদেশের বিশেষ চাহিদা সম্পন্ন তরুণ শিল্পীদের অংশগ্রহণে ঢাকায় ‘এ ডিফারেন্ট রোমিও অ্যান্ড জুলিয়েট’ মঞ্চস্থ করে। 

বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সংগঠন এবং নাট্যদল থেকে আগ্রহীদের এ কর্মশালায় অংশগ্রহণে আবেদনের জন্য যোগাযোগ করতে হবে এই ই-মেইল - wasimdt@yahoo.com, অথবা ০১৯১১৬৫৯১৯৬ এই নম্বরে। আবেদন করা যাবে আগামী ১৪ মার্চ পর্যন্ত। উল্লেখ্য, আবেদনকারীদের বয়স আঠারো বছরের বেশি হতে হবে।