'কাঠবিড়ালী'র কারণে চালু হলো বন্ধ প্রেক্ষাগৃহ
দেশের একের পর এক প্রেক্ষাগৃহ বন্ধ হওয়ার মধ্যে ‘সুগন্ধা’ নামে যাত্রা শুরু করছে বন্দরনগরী চট্টগ্রামের প্রায় ত্রিশ বছরের পুরানো প্রেক্ষাগৃহ ‘ঝুমুর’।
কাজীর দেউরি এলাকার প্রেক্ষাগৃটি প্রায় পাঁচ বছর ধরে বন্ধ থাকার পর ‘সুগন্ধা’ নামে নতুন রূপে যাত্রা শুরু করেছে; মঙ্গলবার ‘কাঠবিড়ালী’ চলচ্চিত্রের প্রদর্শনীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে প্রেক্ষাগৃহটির।
২১৬ আসন বিশিষ্ট এ প্রেক্ষাগৃহের টিকিটের মূল্য ধরা হয়েছে ২০০ ও ৩০০ টাকা।
চট্টগ্রামের প্রবীণ হলমালিক ও প্রযোজক আবুল হোসেনের মালিকায় প্রতিষ্ঠিত প্রেক্ষাগৃটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন তার দুই ছেলে সাইফ হোসেন ও শাহাদাত হোসেন।
প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া প্রথম ছবি ‘কাঠবিড়ালী’ পরিচালনা করেছেন নিয়ামুল মুক্তা; অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, আবীরসহ আরও অনেকে।
