বিনোদনের উনিশ-বিশ
২০১৯ সাল চলে গেলেও বিনোদন জগতে চলে যাওয়া মানে ভুলে যাওয়া নয়।
বরং সম্ভাবনার মধ্য দিয়েই শুরু হল ২০২০ সাল। নানান ধরনের মন্দা কাটিয়ে ’২০য়ে বিষক্ষয় হবে বলেও ভাবছেন অনেকে। গ্লিটজের মাধ্যমে জেনে নেওয়া যাক কী কী ছিল আলোচনার তালিকায়।
ওয়েব সিরিজের স্রোত
অন্তর্জালে শুধু গান নয়, এবারের মূল স্রোত গিয়ে ঠেকে অন্তর্জালের নানা কন্টেন্টের জালে। তারমধ্যে আলোচনায় আসে ওয়েব সিরিজ। বিভিন্ন অনলাইন প্লাটফর্ম যেমন- ‘বায়োস্কোপ’, ‘হৈচৈ’ রীতিমত হৈচৈ করে ওয়েব সিরিজ নিয়ে পরিকল্পনা শুরু করে দেয়। আলোচনায় আসে অমিতাভ রেজার ‘ঢাকা মেট্রো’, ডোপ প্রডাকশনের ‘মানি হানি’. গুড কোম্পানির ‘বিউটি অ্যান্ড দ্যা বুলেট’- ইত্যাদি। ওয়েব সিরিজের নির্মাণের মান নিয়ে প্রশ্ন উঠলেও সংশ্লিষ্টরা মনে করেন, এরপরের প্রোডাকশনগুলো আরও ভালো হবে।
উল্লেখ্য, ওয়েব সিরিজের কারণে অনেক নবীন শিল্পীও ভালো প্লাটফর্ম পাচ্ছেন। সেটি আশার বিষয় বলে জানিয়েছেন বিভিন্ন নির্মাতা।
তবে ওয়েব সিরিজে শুধু থ্রিলারধর্মী গল্প বাছাই করা একঘেয়েমির কারণ হবে কিনা এই প্রসঙ্গে নির্মাতা মাহমুদুল হক বলেন, “বিদেশী প্লাটফর্মে এই ধরনের গল্প জনপ্রিয়তা পাচ্ছে বলেই হয়ত এদেশেও গোয়েন্দা ঘরানার গল্প নিয়ে বেশি কাজ হচ্ছে। তবে গল্পের ভিন্নতা আসবে।”
ওয়েব সিরিজের গল্প বা চিত্রনাট্য নিয়ে আরও ভাবার অবকাশ আছে বলে মনে করছেন দর্শক এবং প্রযোজনা সংস্থা।
ভিউ গুণে জনপ্রিয়তার যাচাই
অন্তর্জালের স্রোতে শুধু ওয়েব নয়, সংগীত বা নাটকের ক্ষেত্রেও স্রোত এসে নানান বাঁকে চলে গেছে এই বছরে। দেখা গেছে ভিউ-এর বিবেচনায় জনপ্রিয়তা যাচাই করা হচ্ছে। সঙ্গীত শিল্পীরা গানের নয় মিউজিক ভিডিও নিয়ে বেশি মনোযোগী হয়েছেন– এই অভিযোগ শ্রোতাদেরও।
মালিবাগ নিবাসী অ্যানি ইসলাম বলেন, “গান এখন আর মনে ধরে না আগের মতন।”
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সংগীত শিল্পী বলেন, “আগে আমরা আলোচনা করতাম গানের কথা নিয়ে, এখন আগেই কথা হয় ভিডিও কেমন হবে সেটা নিয়ে। গান ভালো না হলে ভিডিও ভালো দিয়ে কি হবে?”
অনেকটা একরকমের অভিযোগ নাটকের ক্ষেত্রেও। গল্পের প্রয়োজনে নয়, শিল্পী নির্বাচিত হয়েছে ভিউ হিসাব করে বলে অভিযোগ করেন অনেক তরুণ শিল্পী। কিন্তু সেই বিষয়ে আলোচনা করলে সেটা নিয়েও কাজ করার ক্ষেত্রে জটিলতার মুখোমুখি হতে হয়েছে বলে গ্লিটজকে জানিয়েছেন অনেকেই। কেউ কেউ দাবী করেন গুটি কয়েক ‘অঘোষিত’ সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে আছে এই মিডিয়া ইন্ডাস্ট্রি। যেকারণে টিভি বা ইউটিউবে ঘুরে ফিরে একই চেহারা দেখা যাচ্ছে।
তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, তারা চেষ্টা করছেন এই ধরনের অপচেষ্টা বা অযাচিত ছায়া থেকে মিডিয়াকে বের করে আনতে।
রিয়েলিটির শো’য়ের বাম্পার ফলন এবং ফলাফল হতাশাজনক
বছরের শুরু থেকেই নানান ধরনের রিয়েলিটি শো নিয়ে তোড়জোড় শুরু হয়। তারমধ্যে যে কয়টি আলোচনায় এসেছে তার একটি অবশ্যই ইতিবাচক। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ‘ বিজয়ী শিলাকে নিয়ে সবাই যেমন ইতিবাচক ছিলেন তেমনই হতাশায় ডুবে গেছে ‘কে হবে মাসুদ রানা‘ শিরোনামের রিয়েলিটি শো নিয়ে। বিচারকদের অবস্থান এবং উপস্থাপন নিয়ে সমালোচনার পাশাপাশি আসলে ফলাফলটা কী হচ্ছে- তা এখনও ধোঁয়াশাতেই আটকা।
অপর দিকে গৃহিণীদের নিয়ে করা ‘সিলন সুপার স্টার’ বেশ জনপ্রিয় হয়েছে টিভির দর্শকদের কাছে। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার নানা উত্থানপতনও চোখে পড়েছে। বিশেষ করে টিভিতে প্রচারিত অংশে প্রতিযোগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রতিযোগিতার মান নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য করেছে বলে দাবী করেন দর্শকরা।
রিয়েলিটি শো-এর নির্মাতা চ্যানেল নাইনের অনুষ্ঠান প্রধান তানভীর খান- এ প্রসঙ্গে গ্লিটজকে বলেন, “রিয়েলিটি শো-এর জন্য আলাদা ক্রিয়েটিভ টিম দরকার। কারণ কী দেখানো যাবে- কোনটা না- সেটাও একটি বিবেচনার বিষয়।”
রিয়েলিটি শো যা হোক- নির্মাণে তাড়াহুড়ার ছাপ ছিল স্পষ্ট বলে দাবী করেন সংশ্লিষ্ট অনেকেই। এবং অন্য শোয়ের বিচারকরাও।
সিনেমার না না রং
‘লাইভ ফ্রম ঢাকা’ থেকে ‘ন ডরাই’- সিনেমা হলে দর্শক টানতে বিভিন্ন রকমের আয়োজন থাকলেও বেলা শেষে হতাশই করেছে গল্পের দিক থেকে– বলে দাবী করেন ঢাকার কলাবাগান নিবাসী নাজিয়া আফরোজ।
‘ইতি তোমারই ঢাকা’ সিনেমাটি একই ধরনের কথা সামাজিক মাধ্যমে লিখে নিজের মতামত জানান উপস্থাপক সোনিয়া হোসেন। নির্মাণশৈলীর ভূয়সী প্রশংসার করার পর তিনি গল্পের শূন্যতা নিয়ে নিজের হতাশা প্রকাশ করেন।
‘ইতি তোমারই ঢাকা’র একটি চিত্রনাট্যের পরিচালক মাহমুদুল হক অবশ্য এই হতাশাকে উড়িয়ে দিয়ে বলেন, “আমরা গল্প নিয়ে কাজ করছি। গল্প খুঁজছি। আশা করছি আরও সুন্দর গল্প নিয়ে সামনে কাজ হবে।”
এবারের সিনেমার জগতে দুটি নতুন নাম বেশ আলোড়ন তুলেছে। একটি ‘টিএম ফিল্মস’। অপরটি ‘সিনেপ্লেক্স’।
‘গান বাংলা’র কর্ণধার তাপস এবং ফারজানা মুন্নির ‘পথচলা’ শুরু হয় ‘সালমান শাহ উৎসব ২০১৯’ থেকে। ইতিমধ্যে শাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর রটনা আছে ইন্ডাস্ট্রিতে। অপর দিকে দেশ বিদেশের সিনেমা নিয়ে দর্শকদের বিনোদিত করতে থাকা ‘সিনেপ্লেক্স’। ‘ন ডরাই‘ সিনেমা দিয়ে জোরেশোরে মাঠে নেমেছে ‘সিনেপ্লেক্স’। সিনেমাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও তাদের এই পথচলাকে সাধুবাদ জানিয়েছে ইন্ডাস্ট্রির শুভাকাঙ্খী।
নাচের জগতে হাহাকার
কোনো মঞ্চ পরিবেশনায় নাচের আয়োজন থাকলেও নাচ নিয়ে খুব একটা তোরজোর দেখা যায়নি। এর মাঝেও আন্তর্জাতিক স্বীকৃতি, ইউনেসকোর আন্তর্জাতিক ড্যান্স কাউন্সিলের সদস্য হয়েছেন নওগাঁর নৃত্যশিল্পী ও নির্দেশক মোরশেদা বেগম। একই সঙ্গে অভিন্ন মর্যাদা পেয়েছে মোরশেদার নাচের প্রতিষ্ঠান ‘নৃত্য নিকেতন’। এই স্বীকৃতির ফলে এখন থেকে ইউনেসকোর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে পারবেন তিনি ও তাঁর দল। বাংলাদেশের আন্তর্জাতিক মানের যেকোনো নৃত্যানুষ্ঠান আয়োজনেও সহায়তা করবে ইউনেসকো। ইতিমধ্যে জাতিসংঘের ইন্টারন্যাশনাল ড্যান্স কাউন্সিলের সাধারণ সভায় যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন মোরশেদা এবং তাঁর দল।
তবে নানা আয়োজনে অন্যান্য সেলিব্রেটিদের নাচে অংশ নিতে দেখা গেছে।
বছরপূর্তির ফূর্তিতে ব্যান্ডগুলো
বছরজুড়ে এবার সরব ছিল ব্যান্ডগুলো। ফিডব্যাক, মাইলস’য়ের চল্লিশ বছর পূর্তি, আর্টসেলের বিশ বছরের কনসার্ট ব্যান্ডপ্রেমীদের মন ভরিয়ে দেয়।
অপরদিকে বছরের শেষ শুক্রবার রকফেস্ট নতুন করে আন্ডারগ্রাউন্ড ব্যান্ডগুলোকে সামনে নিয়ে আসে। যে ধারা পরবর্তীকালে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।
২০১৯ সালে ফুয়াদকে নিয়েও একটি মুখরিত কনসার্টের আয়োজন করা হয়। যেখানে অংশ নেয় তার সহকর্মীরা।
২০১৯ সালের শেষে এসে বিদেশি শিল্পী এনে আয়োজন করা নিয়ে হতাশা থাকলেও এসকল লাইভ কনসার্ট আশার আলো ফুটিয়েছে দেশের শিল্পী এবং শ্রোতাদের মাঝে। বিশেষ করে ব্যান্ডপ্রেমীদের জন্য এই বছর ছিল বুকে আগলে রাখার মতন একটি বছর।
এবং অন্যান্য
২০১৯ সালে অসংখ্য তরুণ মুখ দেখা গেলেও তাদের মাঝ থেকে হাতে গোনা দুই একজনের মধ্যে টিকে থাকার লড়াই করতে দেখা গেছে। এর মাঝে ইয়াশ রোহানের নাম আসতে পারে। স্বপ্নজালখ্যাত এই তরুণ অভিনেতা। বর্তমানে একটি মোটরবাইকের মডেল হয়ে আলোচনায় আসলেও তিনি মিডিয়ার চোখে চোখে আছেন অনেক আগে থেকেই। তার মাঝে সম্ভাবনা দেখতে পাচ্ছেন অনেকেই।
নাটকে অনেকের হতাশা থাকলেও শাফায়েত মনসুর রানা, আশফাক নিপুনের নির্মিত নাটকগুলো সবাই আগ্রহ নিয়ে দেখেছে। তাদের নাটক দেখার জন্য অপেক্ষা করতে দেখা গেছে - যেটি আশার কথা বলে।
থিয়েটারের জগতে সম্ভাবনার দ্বার নতুন করে খুলেছে বছরের শেষে আয়োজিত নাগরিক নাট্য সম্প্রদায়ের ‘নতুনের উৎসব’ শীর্ষক সাতদিনব্যাপী নাটকের আয়োজন। যেটির মাধ্যমে নতুন শিল্পী এবং নির্দেশক সামনে আসার সুযোগ পেয়েছে।
বাণিজ্যিক সিনেমায় পাসওয়ার্ডের সাফল্য ঝকঝকে পর্দায় নাচেগানে ভরপুর সিনেমার দিনে ফিরে যাওয়ার দিনেরও ইশারা দিচ্ছে।
২০১৯ সালের সঙ্গেই বিনোদনের জগতেই পরিণত হওয়ার বয়স এসেছে। এখন আর কিশোর বয়সী নিরীক্ষা নয়- চাই ইস্পাতসম পদক্ষেপ নিজ দেশের সংস্কৃতি ও শিল্পী টিকিয়ে রাখার জন্য- মন্তব্য করেছেন অনেকেই।
