কঙ্গনা ‘ললিতা‘- অরবিন্দ ‘রামচন্দ্র‘
নিজেকে অন্যভাবে উপস্থাপন করে শুনলেন ‘চাচি ৪২০’! কঙ্গনা রানাউত তাতে চটেছেন কি না তা অবশ্য জানা যায়নি, কিন্তু শিকার হচ্ছেন বিভিন্ন ট্রলের।
ঘটনার শুরু ‘থালাইভি’র প্রথম পোস্টার প্রকাশের পর থেকে। জয়ললিতার বায়োপিক 'থালাইভি'-তে তামিলনাডুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা রানাউত।
প্রথম যে দিন খবর প্রকাশ্যে এসেছিল তখন থেকেই কেমন লাগবে কঙ্গনাকে দেখতে, ‘কুইন’ অভিনেত্রীকে মানাবে কি না তা নিয়েও চলছিল হাজার রকমের আলোচনা-সমালোচনা।
অবশেষে প্রথম লুক প্রকাশ পেতেই সামাজিক মাধ্যমে কঙ্গনা-ঝড় উঠে গেল।
এক কথায় তাকে যেন চেনাই দায়!‘জয়ললিতা সিগনেচার স্টাইল’য়ে হাজির কঙ্গনা। ডাবল চিন, সিঁথিতে সিঁদুর- আটপৌড়ে শাড়ি।
যেখানে তার এতো শ্রম নিজেকে চরিত্রের সঙ্গে মেলাতে সেখানে একজন কমেন্ট করে বসে, ‘আপনাকে সেই ‘চাচি ৪২০’-এর চাচির মতো লাগছে।’
কেউ কেউ আবার স্মৃতি ইরানির সঙ্গে এই মেকআপের বেশি সাদৃশ্য খুঁজে পেয়েছেন।
ছবিটিতে জয়ললিতার রাজনৈতিক গুরু তথা প্রাক্তন সহ-অভিনেতা এমজি রামচন্দ্রনের ভূমিকায় অভিনয় করার জন্য নির্বাচিত হলেন অরবিন্দ স্বামী।
১৯৬৫ থেকে ১৯৭৩ সালের মধ্যে বেশ কিছু ছবিতে একত্রে অভিনয় করেছিলেন এমজি রামচন্দ্রন ও জয়ললিতা। এর মধ্যে রয়েছে আইরাথিল ওরুভান, আদিমাই পেন, ওতি ভিলাক্কু এবং কাদাল ভাগানাম-এর মতো হিট। ১৯৭৩ সালে পাট্টিকাট্টু পোন্নাইয়া ছবিতে এই জুটিকে শেষবার রুপোলি পর্দায় দেখা যায়।
‘থালাইভি’ ছবিটির জন্য নিজেকে নানা ভাবে প্রস্তুত করেছেন কঙ্গনা। ছবির স্বার্থে চেহারায় জয়ললিতাকে ফুটিয়ে তোলার প্রস্থেটিক্স পরীক্ষা করতে কঙ্গনা আমেরিকাতেও গিয়েছিলেন।
ছবিটি ২০২০ সালে মুক্তি পাবে।
