আলাউদ্দিন আলীকে থাইল্যান্ডে নেওয়া হচ্ছে
ক্যানসারে আক্রান্ত সুরকার, সংগীত পরিচালক আলাউদ্দিন আলীকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের নেওয়া হচ্ছে।
রবিবার ব্যাংককের সুকুমভিত হাসপাতালে নেওয়া হবে এ বরেণ্য সুরকারকে। তার সঙ্গে স্ত্রী ফারজানা আলী মিমি ও মেয়ে আদৃতা রাজকন্যা।
ফারাজানা মিমি গ্লিটজকে জানান, ২০১৫ সালে উনার ক্যানসার ধরা পড়েছিল। ব্যাংকক হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়েছিল। সেই ক্যানসার আবারও ফিরে এসেছে উনার শরীরে।
“সবার কাছে দোয়া চাইছি; আমার স্বামী যেন আবার গানে ফিরতে পারে।”
চিকিৎসা শেষে দিন পরেন পর ঢাকায় ফিরবেন বলে জানান মিমি।
চলতি বছরের শুরু থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন আলাউদ্দিন আলী। জানুয়ারিতে কার্ডিয়াক অ্যারেস্টর পর কয়েক দফায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয় ৬৭ বছর বয়সী এ সুরকারকে।
আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর জন্ম ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর মুন্সীগঞ্জে। প্রায় তিন শতাধিক চলচ্চিত্রের গানে সুর দিয়েছেন তিনি।
