২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও আর্কে ছাড়াছাড়ি

জনপ্রিয় ব্যান্ড ‘আর্ক’ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন বেইজ গিটারিস্ট আসাইফ হোসাইন নমন।

সাইমুম সাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2019, 07:17 PM

Updated : 08 Apr 2022, 04:40 PM

প্রায় এক যুগের নিষ্ক্রিয়তা কাটিয়ে নব্বইয়ের দশকের জনপ্রিয় ব্যান্ডটি সম্প্রতি হাসানের নেতৃত্বে নতুন লাইনআপে সামনে আসে; কিন্তু ব্যান্ডে যোগ দেওয়ার বছরখানেকের মাথায় সরে দাঁড়ালেন নমন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্টেজে শো করতে চাইলে লাইভ বেইজ প্লে করা যায় না। লাইভ প্লে করতে গিয়ে দেখি, সেখানে তারা মিউজিক ট্র্যাক চালায়। বিষয়টি একজন মিউজিশিয়ানের পক্ষে হজম করা খুব কষ্ট।”

সংগীতশিল্পী আশিকুজ্জামান টুলুর নেতৃত্বে ১৯৯০ সালে ‘আর্ক’ যাত্রা শুরু করার পর এতে যোগ দেন পঞ্চম ও হাসান। নব্বইয়ের দশকজুড়ে বেশ কয়েকটি জনপ্রিয় অ্যালবাম উপহার দিয়েছেন এ ত্রয়ী।

১৯৯২ সালে প্রথম অ্যালবাম ‘মুক্তিযুদ্ধ’ আনে আর্ক। অ্যালবামের ‘সেদিনও আকাশে ছিল চাঁদ’ ও ‘হারিকেন লণ্ঠন’ গান দুইটি সাড়া ফেলে। ১৯৯৬ সালে আসে দ্বিতীয় অ্যালবাম ‘তাজমহল’। অ্যালবামের ‘সুইটি’, ‘গুরু’, ‘পাগল মন’ গানগুলো এখনও শ্রোতাদের মুখে মুখে ফেরে। ১৯৯৮ সালে প্রকাশ হয় তৃতীয় অ্যালবাম ‘জন্মভূমি’। 

২০০২ সালে ‘আর্ক’ ছেড়ে নতুন আরেক ব্যান্ডে মনোনিবেশ করেন পঞ্চম। হাসানও ব্যান্ড থেকে সরে এসে ‘স্বাধীনতা’ নামে আরেকটি ব্যান্ড গঠন করেন। মাঝে টুলুও কানাডায় পাড়ি জমালে কার্যত ব্যান্ডটি নিষ্ক্রিয় হয়ে পড়ে।

দীর্ঘদিনের বিরতি ভেঙে টুলুর আন্তরিক প্রচেষ্টায় আর্কে ফিরে নেতৃত্বে আসেন হাসান; ঘোষণা করা হয় পাঁচ সদস্যের নতুন লাইনআপ। সম্প্রতি ‘অর্ধাঙ্গিনী’ শিরোনামে একটি গানের কাজ সম্পন্ন করে নতুন লাইনআপে নিয়মিত হওয়ার ইঙ্গিত দিলেও ফের ভাঙনের মুখে পড়ল ব্যান্ডটি।

এখনকার আর্ককে ‘ওয়ান ম্যান ডিপেন্ডেন্ট’ ব্যান্ড হিসেবে আখ্যা দিয়ে সমন্বয়হীনতার অভিযোগ তুললেন নমন।

তিনি বললেন, “আমার কাছে ব্যান্ড বলতে ব্যন্ডের সবাই মিলে গ্রুপ ওয়ার্ক করবে। রেকর্ডিং করবে, লাইভ বাজাবে-এটাই ব্যান্ডের প্রধান বৈশিষ্ট। রেকর্ডিং করলেও পাঁচজনের সম্মিলিত প্রচেষ্টা থাকবে। কিন্তু সেই অনুশীলনটা আর্কের মধ্যে এখন আর হয় না।”

নমনকে ছাড়া এখন আর্কের লাইনআপের ভোকালে হাসান, কি-বোর্ডে টিংকু আজিজুর রহমান, গিটারে এস আই সুমন, ইরশাদ আলী নিপু ও ড্রামসে ইমতিয়াজ আলী জীমি আছেন।

নমনের জায়গায় নতুন কাকে নেওয়া হবে তা নিয়ে হাসানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মিউজিক কম্পোজিশনে মনোযোগী হওয়ার পরিকল্পনার কথা জানিয়ে নমন বললেন, সলো ব্যান্ড ‘পাওয়ার অব লিজেন্ডস’ নিয়ে তিনি এগিয়ে যেতে চান।

“দেশের প্রয়াত কিংবদন্তীদের গানগুলো এই প্রজন্মের মানুষের কাছে পৌঁছে দিতে চাই।”