মঞ্চের আলোতে বঙ্গবন্ধুর জীবন ও সংগ্রাম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাতাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমি মঞ্চে আনছে বিশেষ নাট্যপ্রযোজনা ‘মুজিব মানে মুক্তি’।
বঙ্গবন্ধুর মহান সংগ্রামী জীবন-ভিত্তিক ঐতিহাসিক নাট্যাখ্যান ‘মুজিব মানে মুক্তি’। আবহমান বাংলার হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি, শোষণ-বঞ্চনা, দ্রোহ ও মুক্তির স্বপ্ন বিনির্মাণ এই নাটকের মূল উপপাদ্য। ব্রিটিশ বিরোধী আন্দোলন, তেইশ বছরের পাকিস্তানি অপশাসন, একাত্তরের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর সাড়ে তিন বছরে দেশ গঠন এবং তার মহাপ্রয়াণ এই নাটকের উপাত্ত।
এর গ্রন্থনা, পরিকল্পনা, সুর সংযোজনা ও নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকী। বঙ্গবন্ধু স্মরণে একাডেমির মাসব্যাপী বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে প্রদর্শিত হতে যাচ্ছে নাটকটি। একাডেমি জানায়, নাটকটির মাসব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত হবে ঢাকা, গোপালগঞ্জ, মৌলভীবাজার, ঝিনাইদহ, গাজীপুর ও ব্রাহ্মনবাড়িয়ার ২০টি স্থানে।
নির্দেশক লিয়াকত আলী লাকির ভাষ্যে, "ইতিহাস নির্ভর নাট্য নির্মাণ চিরকালই কঠিন কাজ। আর একজন মহাপুরুষের সংগ্রামী জীবন নিয়ে শিল্প নির্মাণ আরো কঠিন। ইতিহাসের সত্যের চেয়ে শিল্পের সত্য অনেক বেশি শক্তিশালী। একটি আবেগ আশ্রিত কাব্যিক শিল্প উপস্থাপন ‘মুজিব মানে মুক্তি’।”
তিনি জানান, নাটকে বঙ্গবন্ধুর জীবন ও রাজনৈতিক দর্শন, স্বপ্ন ও সংগ্রাম, তার নানা সময়ের বক্তৃতা, সংগীত, কোরিওগ্রাফ ও কবিতার মধ্য দিয়ে উপস্থাপিত হয়েছে। এছাড়াও ফিজিক্যাল থিয়েটারের উপাদান এবং বিভিন্ন ইমেজেরও ব্যবহার রয়েছে নাটকটিতে।
