অভিনেতা বাবরের চিরবিদায়
সত্তর ও আশির দশকে বাংলাদেশের চলচ্চিত্রে খল চরিত্রের আলোচিত অভিনেতা প্রযোজক ও পরিচালক খলিলুর রহমান বাবর আর নেই।
সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ অভিনয়শিল্পীর মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৭ বছর।
অভিনেতার স্ত্রী সুলতানা রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাবর দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, রক্তচাপ ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। এর মধ্যে গ্যাংগ্রিন ছড়িয়ে পড়ায় গত জুনে তার পা কেটে ফেলা হয়।
বাবরের শোকাতুর স্ত্রী সুলতানা রহমান
খলনায়কের চরিত্রে নাম করলেও অভিনেতা বাবরের চলচ্চিত্রে অভিষেক হয়েছিল নায়কের চরিত্রে, আমজাদ হোসেনের ‘বাংলার মুখ’ সিনেমায়। পরে জহিরুল হকের ‘রংবাজ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে খলনায়ক হিসেবে অভিষেক হয় তার।
জীবনের শেষ সময়ে এই হুইলচেয়ারই ছিল বাবরের চলাচলের মাধ্যম
সুলতানা রহমান জানান, আছরের পর এফডিসিতে নেওয়া হবে তার স্বামীর মরদেহ। সেখানে জানাজা শেষে মাগরিবের পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
বাবরের এক ছেলে রিয়াদুর রহমান, মেয়ে ওমাইনা রহমান এবং এক নাতি রয়েছে।
