এবার ডেঙ্গু জ্বরে অভিনেত্রী ববি
চিত্রনায়ক আলমগীরের পর এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী ইয়ামিন হক ববি।
তার ঘনিষ্টজন চিত্রপরিচালক ইফতেখার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
“মঙ্গলবার রাত ৭টায় স্কয়ার হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করে তার ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছি।”
পরিচালক ইফতেখার বলেন, “ববি প্রায় দুই সপ্তাহ ধরে জ্বরে ভুগছিল। প্রথম তিনদিন প্রচণ্ড জ্বর ছিল।
জ্বরের মধ্যেই শুটিং করেছে। অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে নিয়ে ডেঙ্গুর পরীক্ষা করিয়েছি।”
চিকিৎসকদের পরামর্শে বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন ববি; আর সার্বক্ষণিক তার দেখভাল করছেন ইফতেখার।
সপ্তাহখানেক আগে ডেঙ্গু জ্বর নিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা আলমগীর। তার শারীরিক অবস্থাও এখন ভালো বলে জানা গেছে।
এছাড়া তরুণ অভিনেতা শরিফুল রাজও ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি ছিলেন হাসপাতালে।
