ঈদ আয়োজনে সাকিবের বিশেষ সাক্ষাৎকার
ইউটিউব কেন্দ্রিক তথ্য ও বিনোদন মূলক চ্যানেল ফ্রেন্ডস ভিডিও প্রোডাকশানের ঈদ অনুষ্ঠানমালায় এক বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানে অংশ নিয়েছেন জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান।
ঈদ উপলক্ষে বেশকিছু চমকপ্রদ অনুষ্ঠান নিয়ে আসছে ফ্রেন্ডস ভিডিও প্রোডাকশান। সে আয়োজনে ঈদের প্রথম দিনই প্রচারিত হতে যাচ্ছে সাকিব আল হাসানকে নিয়ে বিশেষ শো টি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ধারণকৃত এই সাক্ষাৎকারে নানা বিষয়ে খোলামেলা কথা বলেছেন সাকিব।
অনুষ্ঠান কর্তৃপক্ষ জানায়, অনুষ্ঠানে সাকিব বলেছেন- বিশ্বকাপে সেমিফাইনালে কোয়ালিফাই করতে না পারার সম্ভাব্য কারণ। তাছাড়া কোচ, বিপিএল, প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদসহ আরো নানা বিষয়ে সাকিবের মন্তব্যও দর্শকদের মধ্যে সাড়া ফেলবে। অনুষ্ঠানে নিজের প্রতিষ্ঠার পেছনে ওঠার পেছনে বাবা মায়ের অবদান সম্পর্কে বলতে গিয়ে একপর্যায়ে সাকিব আবেগপ্রবণ হয়ে ওঠেন সাকিব।
সাক্ষাৎকারটি সঞ্চালনা করেছেন নাজমুস সাকিব।
ফ্রেন্ডস ভিডিও প্রোডাকশান জানায়, ঈদের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ দিনগুলোতে পর্যায়ক্রমে প্রচার করা হবে বহুল আলোচিত সাতরঙা চায়ের উপর একটি বিশেষ প্রতিবেদন, ‘কেক শেক’ নামক অনলাইন বেকারি প্লাটফর্ম চালু করে সাড়া ফেলে দেয়া দু’জন নারী উদ্যোক্তার উপর একটি প্রতিবেদন এবং পপগানের শিল্পী ফেরদৌস ওয়াহিদের একটি বিশেষ সাক্ষাৎকার।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নাজমুন আকিব বলেন, “আমরা শুরু থেকেই দর্শকদের জন্য শিক্ষা এবং বিনোদনমূলক কনটেন্ট বানানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। সেই প্রচেষ্টার অংশ হিসেবেই এইবারের ঈদে আমরা বেশকিছু অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছি যেগুলো আমরা বিশ্বাস করি দর্শকের ঈদ আনন্দে ভিন্নমাত্রা যোগ করবে।”
ফ্রেন্ডস ভিডিও প্রোডাকশনের সব নতুন ভিডিও দেখা যাবে ইউটিউবে তাদের নিজন্ব চ্যানেলে।
