২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্রে এবারের অনুদান নিয়ে হাই কোর্টের প্রশ্ন

চলতি অর্থবছরে চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান নিয়ে প্রশ্ন তুলেছে হাই কোর্ট।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2019, 08:09 PM

Updated : 10 Oct 2022, 09:16 PM

২০১৮-১৯ অর্থবছরে তিনটি প্রজ্ঞাপনে ১৪টি চলচ্চিত্রকে দেওয়া অনুদানের ঘোষণা কেন অবৈধ হবে না এবং চলচ্চিত্র অনুদানের পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য নীতিমালা অনুযায়ী সব চলচ্চিত্রের প্রস্তাব কেন পুনঃনিরীক্ষা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে এক আদেশে।

এবারের অনুদান স্থগিত ও পুনঃনিরীক্ষণে চার নির্মাতার করা রিট আবেদনে বুধবার এই রুল দেয় বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ।

রুলের জবাব দিতে তথ্য মন্ত্রণালয়কে চার সপ্তাহ সময় দিয়েছে আদালত।

অনুদানের চলচ্চিত্র নির্বাচনে অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ এনে গত ১৬ জুলাই রিট আবেদনটি করেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অনুদানের জন্য আবেদনকারী ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অনুদানের জন্য আবেদনকারী অদ্রি হৃদয়েশ এবং চলচ্চিত্র নির্মাতা সুপিন বর্মন ও খন্দকার সুমন।

প্রতিবছরই অনুদান নিয়ে নানা অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ এলেও এবার তা মাত্রা ছাড়িয়ে গেছে বলে অভিযোগ খন্দকার সুমনের।

তিনি গ্লিটজকে বলেছিলেন, “আমরা গভীরভাবে পর্যবেক্ষণ ও প্রাপ্ত নানা তথ্য বিশ্লেষণ করে দেখেছি যে ২০১৮-১৯ অর্থ বছরে অনুদান প্রদানের প্রক্রিয়ায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান প্রদান নীতিমালা এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান প্রদান নীতিমালার বহু নিয়ম লঙ্ঘন করে তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে মোট ১৪টি চলচ্চিত্রকে অনুদান প্রদান করা হয়েছে, যা কোনোভাবেই যথার্থ নয় বলে আমরা মনে করি।”

এবার চলচ্চিত্রের জন্য সরকারি অনুদান দেওয়ার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণাও দিয়েছিলেন চূড়ান্ত অনুদান কমিটির চার সদস্য মামুনুর রশীদ, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, মোরশেদুল ইসলাম ও ড. মতিন রহমান। পরবর্তীতে তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর কাজে ফেরেন তারা।

এই অর্থবছরে একটি শিশুতোষ চলচ্চিত্র, দুটি প্রামাণ্যচিত্র ও সাধারণ শাখায় ছয়টি চলচ্চিত্রকে অনুদান দেওয়া হচ্ছে।

শিশুতোষ শাখায় অনুদান পেয়েছে আবু রায়হান মো. জুয়েলের ‘নসু ডাকাত কুপোকাত’। প্রামাণ্যচিত্র শাখায় অনুদান পেয়েছে হুমায়রা বিলকিসের ‘বিলকিস এবং বিলকিস’ এবং পুরবী মতিনের ‘খেলাঘর’।

সাধারণ শাখায় কবরীর ‘এই তুমি সেই তুমি’ ছাড়াও অনুদান পেয়েছে মীর সাব্বিরের ‘রাত জাগা ফুল’, আকরাম খানের ‘বিধবাদের কথা’, কাজী মাসুদের প্রযোজনা ও হোসনে মোবারক রুমির ‘অন্ত্যেষ্টিক্রিয়া’, লাকী ইনামের প্রযোজনায় হৃদি হকের পরিচালনায় ‘১৯৭১ সেই সব দিন’ এবং শমী কায়সারের প্রযোজনায় ‘স্বপ্ন মৃত্যু ভালোবাসা’।