অ্যালবাম সংস্কৃতি চালু থাকুক: জয়
জনপ্রিয় সংগীতশিল্পী জয় শাহরিয়ারের চতু্র্থ অ্যালবাম নিয়ে এলো আজব রেকর্ডস।
ক্যাসেটের যুগ হারিয়েছে অনেক আগেই, ইন্টারনেটের যুগে এসে সিডিও নেই আগের মতো। অ্যালবামের বদলে শিল্পীরা ছুটছেন সিঙ্গেল ট্র্যাক আর মিউজিক ভিডিও নিয়ে। কিন্তু নিজের চতুর্থ অ্যালবাম ‘লাপাত্তা’ প্রকাশের মুহূর্তে এসে সংগীতশিল্পী জয় শাহরিয়ার বললেন, “অনেকেই এখন সিঙ্গেল ট্র্যাক নিয়েই আছেন। কিন্তু আমার মনে হয়, অ্যালবাম কালচারটা চালু থাকা দরকার আছে। একটা অ্যালবামে একজন শিল্পী তার সময়টাকে ধরে রাখেন। একটা সিঙ্গেল দিয়ে শুধু তা বোঝা যায় না।”
আজব রেকর্ডস থেকে প্রকাশিত এই এলবামে গান রয়েছে ৮ টি। সব গানের কথা ও সুর করেছেন জয় শাহরিয়ার। সংগীতায়োজন করেছেন মহান ফাহিম ও জয় শাহরিয়ার। সাউন্ড ডিজাইন করেছেন নাবিদ সালেহীন নিলয়। গান গুলো হলো লাপাত্তা, খুব, আমিতো এমনই, মিথ্যের বেসাতি, এভাবেই, ভালোবাসার কোনো মানে নেই, সুন্দরী, তুমিও আমার হতে পারতে।
জয় জানান, প্রায় সাড়ে চার বছর পর তার একক অ্যালবামটি প্রকাশিত হলো। এর আগে চারটি গান সিঙ্গেল আকারে প্রকাশ করলেও নতুন কলেবরে আরও চারটি গান নিয়ে অ্যালবামটি প্রকাশ করেছেন তিনি। জয় বলেন, “নতুন অ্যালবামটা নিয়ে কাজ করছি গত দেড় বছর ধরে। এ সময়ে আমার ভাবনাগুলো উঠে এসেছে অ্যালবামের গানে। মিউজিক অ্যারেঞ্জমেন্টেও যথাযথ বৈচিত্র আনার চেষ্টা করেছি।”
২৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি গেমস রুমে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন দেশবরেণ্য সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। এ উপলক্ষে আয়োজিত হয় কনসার্টও। জয় শাহরিয়ার ছাড়াও এতে গান পরিবেশন করে ব্যান্ড দ্যা মিলিপুটস, গানকবি, অর্জন এবং সুহৃদ।
এ দিন আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় অ্যালবামের ‘আমিতো এমনই’ শিরোনামের গানের মিউজিক ভিডিও।
অ্যালবামের গানগুলো শ্রোতারা শুনতে পারবেন দেশে জিপি মিউসিক, ভাইব ও স্প্ল্যাশ এ। দেশের বাইরে শ্রোতারা শুনতে পারবেন আই টিউনস, স্পটিফাই,আমাজন, সাভান, গানা, ডিজার সহ ২০০ পোর্টালে।
আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলেও এলবামটি শুনতে পারবেন শ্রোতারা।
