২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভৌতিক চলচ্চিত্রের শুটিংয়ে দুর্ঘটনায় আহত বাপ্পী

গাজীপুরের জাতীয় উদ্যানে ভৌতিক চলচ্চিত্র ‘ডেঞ্জার জোন’র শুটিংয়ে দু্র্ঘটনায় আহত হয়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2019, 06:04 PM

Updated : 10 Oct 2022, 09:16 PM

বুধবার দুপুরে সাড়ে ১২টার দিকে বাপ্পীর কোমরে সুতা বেঁধে ক্রেনে দৃশ্যধারণের সময় এ দুর্ঘটনা ঘটে বলে গ্লিটজকে নিশ্চিত করলেন বাপ্পীর সহশিল্পী চিত্রনায়িকা জলি।

তিনি জানান, দুর্ঘটনাবশত ক্রেনের সুতার টান লেগে বাপ্পীর মাংসপেশীতে মারাত্মক টান লাগে। দুর্ঘটনার পর থেকে শুটিং বন্ধ রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বিশ্রামে রাখা হয়েছে। বাপ্পীকে নিয়ে পুরো ইউনিট কিছুক্ষণের মধ্যেই ঢাকায় ফিরছে।

চারদিন ধরে গাজীপুরের জাতীয় উদ্যানে চলচ্চিত্রটির শুটিং চলছিল। ছবিটি নির্মাণ করছেন পরিচালক বেলাল সানী। তিনি জানান, আর দুইটি গান ও একদিনের দৃশ্যধারণ বাকি আছে। সেগুলো পরে শেষ করবেন।

বছর দুয়েক আগে ছবিটির শুটিং শুরু হলেও নানা কারণে দৃশ্যধারণ আটকে ছিল। দৃশ্যধারণ শেষে চলতি বছরই ছবিটি মুক্তি দিতে চান বলে জানালেন পরিচালক।

বাপ্পী-জলি ছাড়াও এতে অভিনয় করেছেন ডিজে সোহেল, সীমান্ত, শামীম, রাজু সরকার প্রমুখ।