দশ বছর পর ‘পেন্টাগন’-এ তাদের প্রত্যাবর্তন
দশ বছর পর দলে ফিরলেন পেন্টাগন ব্যান্ডের চার সদস্য।
আমেরকিার স্বাধীনতা দিবসে আমেরিকান দূতাবাসের আয়োজনে আমেরিকান স্কুলে পার্ফমেন্সের মাধ্যমে ‘পেন্টাগন’ দলে ফিরেছেন পুরনো চার সদস্য। তারা হলেন মোর্শেদ খান, শেখ মনিরুল ইসলাম টিপু, আলিফ আলাউদ্দিন ও কাজী ফয়সাল আহমেদ।
অনুষ্ঠানে নিজেদের একাধিক বাংলা গানের পাশাপাশি বিভিন্ন ভাষার গান করে পেন্টাগণ।
দলের বর্তমান অন্য সদস্যরা হলেন আলী সুমন (ভোকাল ও রিদম গীটার), মিনহাজ আহমেদ মৃদুল (ড্রাম), জামিল হোসেন সাজু(কিবোর্ড)এবং নাফিউস সালাম ইয়ানি (লীড গীটার)।
দলে পুরনো চার সদস্যের প্রত্যাবর্তন ও আমেরিকান জাতীয় দিবসে পার্ফমেন্স প্রসঙ্গে আলী সুমন বলেন, “এটা পাখির নীড়ে ফেরার মত অনুভূতি। নষ্টালজিয়ায় ডুবে যাওয়ার মতো বিষয়। মূলত আলিফের তাগাদাতেই এই প্রত্যাবর্তন পর্ব আরো দ্রুত হয়েছে। একটা বিষয় হলো- আমাদের প্রেম এবং প্যাশন সংগীত। নিছক অর্থ উপার্জনের পথ নয়।”
নতুন করে দলে ফেরা ‘ওয়ারফেইজ’ ব্যান্ডের টিপু বলেন,“মিউজিক মানে আত্মার পরিভ্রমন। সৃজন। কিছু মান টুকরো অভিমান। চলে যাওয়া আবার প্রত্যাবর্তন। পেন্টাগনে ফেরা মানে ওয়ারফেইজ ছেড়ে আসা নয়। প্রথম প্রায়োরিট ওয়ারফেইজই পাবে। ওয়ারফেইজের কোন প্রোগ্রাম না থাকলে পেন্টাগনে নিয়মিতই বাজাবো।”
নতুন করে ফেরা কাজী ফয়সাল আহমেদও জনপ্রিয় ব্যান্ড আর্টসেলের সদস্য। তিনিও আর্টসেলের পাশাপাশি পেন্টাগন-এ নিয়মিত সময় দেবেন বলে জানা গেছে।
১৯৯৩ সালের ১৩ অক্টোবর পাঁচ সদস্য মিলে তৈরী করেন পেন্টাগণ। সদস্যরা হলেন আলী সুমন (ভোকাল ও রিদম গীটার), শওকত আলী ইমন (কিবোর্ড), রঞ্জন (ড্রামস ও ভোকাল), মশিউর রহমান শেলী (গীটার) এবং জাভেদ আহমেদ বাবু (বেইজ গীটার। ৯৭ সালে দল ছাড়েন ইমন। তারপর দলে আসেন আনান কিবোর্ডে এবং টিপু (পার্কাশন্স)।
শুরুর দিকে বাংলা ছাড়াও ইংরেজী, স্প্যানিশ, আরবী, জামাইকান এবং পর্তুগীজ গানের কভার সং করতো পেন্টাগন। ২০০২ সালে একতার মিউজিক থেকে বের হয় দলটির প্রথম অ্যালবাম ‘সেই আমি’। নানা ভাঙা-গড়ার মাঝে ২০০৯ সালে প্রকাশ হয় দলটির সর্বশেষ অ্যালবাম ‘এইট ও ক্লক’ জি সিরিজের ব্যানারে।
দলটি জানানয়, এখন থেকে নিয়মিতই নতুন লাইন আপে গান করবেন তারা। নতুন কিছু গানও ইতিমধ্যে তৈরি করেছেন তারা। চলতিবছরই ভিডিও আকারে প্রকাশিত হবে গানগুলো।
