স্টার সিনেপ্লেক্সে ভৌতিক সিনেমা ‘অ্যানাবেল কামস হোম’
সারা বিশ্বের সঙ্গে একযোগে ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেল ভৌতিক ছবি ‘অ্যানাবেল কামস হোম’।
ভৌতিক ছবির দর্শকদের বেশ ভালোভাবেই জানা আছে ‘অ্যানাবেল’-এর কথা। ২০১৪ সালে মুক্তি পাওয়া এ ছবির রক্ত হিম করা দৃশ্যের কথা মনে করলে এখানো গা ছমছম করে ওঠে।
ভয়ঙ্কর এক পুতুলের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্রটি মুক্তির পরপরই জায়গা করে নিয়েছিল বক্স অফিসের শীর্ষে। এরপর ২০১৭ সালে মুক্তি পায় এর সিক্যুয়াল ‘অ্যানাবেল: ক্রিয়েশন’। এটিও প্রত্যাশিত সাফল্যের ফসল ঘরে তোলে।
তারই ধারাবাহিকতায় এবার এল অ্যানাবেল ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি এবং কনজ্যুরিং ইউনিভার্সের সপ্তম ছবি ‘অ্যানাবেল কামস হোম’। ২৮ জুন বিশ্বব্যাপী মুক্তি পেল এ চলচ্চিত্রটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লক্সেও মুক্তি পেল ছবিটি।
সিনেমার গল্প লিখেছেন গ্যারি ডবারম্যান। ‘অ্যানাবেল’- এর আগের দুটি কিস্তির গল্পও তিনিই লিখেছিলেন। তবে ‘অ্যানাবেল কামস হোম’- এর মাধ্যমে পরিচালনায় অভিষেক হচ্ছে তার। ছবিটি প্রযোজনা করেছেন জেমস ওয়ান ও পিটার সাফরান।
