বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে ক্রিকেট খেললেন জয়া
ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে ক্রিকেট খেললেন অভিনেত্রী জয়া আহসান।
বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এ আসরে তার সঙ্গে ছিলেন জাতীয় দলের ক্রিকেটার আব্দুর রাজ্জাক।
বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দেশের দুজন তারকা প্রতিনিধির অংশগ্রহণে বুধবার এক স্ট্রিট ক্রিকেটের আয়োজন করা হয়।
এতে অংশ নিলেও কোনো রান করতে পারেননি চলচ্চিত্র তারকা জয়া। অন্যদিকে বাংলাদেশের অন্য প্রতিনিধি ক্রিকেটার আব্দুর রাজ্জাক মাত্র ৪ বল খেলে ২২রান করেন।
এই আয়োজনে পাকিস্তানের প্রতিনিধি হয়ে অংশ নেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। তার সঙ্গে একই ফ্রেমে ধরা দিয়েছেন জয়া আহসানও।
ফেইসবুকে ক্রিকেট তারকাদের সঙ্গে তার বিভিন্ন মুহূর্তও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন জয়া।
তাকে আরও দেখা গেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা ব্রেট লিও ক্রিকেটের মহাতারকা ভিভ রিচার্ডসের সঙ্গেও।
জয়া লিখেছেন- “বিশ্বকাপের আসরে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে উত্তেজনা অনুভব করছি।”
খেলা শুরুর আগের দিন লন্ডনে বাকিংহাম প্যালেসে অনুষ্ঠিত হয় উদ্বোধনী পার্টি।
ওয়েস্টমিনস্টার ও বাকিংহাম প্রাসাদের মধ্যকার সড়কে দ্য মল এ এই অনুষ্ঠান হয়।
