২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিভিতে ঈদের নাটক ‘রচি মম ফাল্গুনী’

এবার ঈদে বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে একক নাটক ‘রচি মম ফাল্গুনী’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2019, 08:05 PM

Updated : 08 Apr 2022, 04:14 PM

নাটকটি রচনা করেছেন রেজাউর রহমান ইজাজ, প্রযোজনায় আছেন আবু তৌহিদ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম, নাদিয়া আহমেদ, আনিসুর রহমান মিলন, তাহমিনা মৌ, তুষার খান, আমিরুল হক চৌধুরী, হাফিজুর রহমান সুরুজ ও আফরোজা বানু।

শমসের নামে এক ধনাঢ্য ব্যবসায়ীর পরিবারকে ঘিরে আবর্তিত হয়েছে নাটকটির গল্প। ব্যক্তিজীবনে ভীষণ রাগী মানুষ শমসের। বাড়িতে পান থেকে চুন খসলেই আর কারো রক্ষা নেই। পরিবারের সদস্যরা সবসময় তার ভয়ে অস্থির থাকেন। তার ছেলে শারেক বিশ্ববিদ্যালয়ের পাট চুকিয়ে ঘরে বেকার বসে আছে। বাবার ব্যবসা বা অন্যকিছুতে কোনো আগ্রহ নেই। মেয়ে শারমিন স্বামী রাব্বিসহ এ বাড়িতেই থাকে। রাব্বিও কিছু করে না।

মেয়ের দুই ছেলে। দু’জনই দিনমান বাড়ির মধ্যে ঝামেলা পাকাতে ব্যস্ত। এ বাড়ির আরেক বাসিন্দা শফিক। তিনি শমসের সাহেবের শ্যালক। বয়স হয়েছে। কিন্তু কোনো কাজেই তার আগ্রহ নেই। গানকে ধ্যানজ্ঞান করে চর্চা করে চলেছেন। পরিবারের সবাইকে নিয়েই শমসের সাহেবের বিরক্তের শেষ নেই।

এমনই পরিস্থিতিতে হঠাৎ করেই একদিন এ বাড়িতে অসম্ভব সুন্দরী একটি মেয়ে এসে হাজির হয়। এরপরই নাটকীয় মোড় নেয় নাটকের গল্পে।

আবু তৌহিদ জানান, নাটকটি ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর দেখা যাবে বিটিভিতে।