২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই শিষ্য’র প্রশংসায় পঞ্চমুখ বন্যা

ইমপ্রেস অডিও ভিশন থেকে প্রকাশিত হলো রেজওয়ানা চৌধুরী বন্যা ও তার দুই শিষ্যের গানের অ্যালবাম।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2019, 07:44 PM

Updated : 10 Oct 2022, 09:07 PM

নিজের নতুন অ্যালবাম প্রকাশের দিনে দুই শিষ্যর গানের অ্যালবামও শ্রোতাদের সামনে নিয়ে এলেন বন্যা। আঁখি হালদার ও স্বাতী সরকারের দুটি অ্যালবামও প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন।

কবি দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ এবং রজনীকান্ত সেন-এর গান নিয়ে বন্যা নিয়ে এলেন ‘তিন কবির গান’ শিরোনামের অ্যালবাম। অন্যদিকে, প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী আঁখি হালদানের প্রথম অ্যালবাম ‘তোমা পানে চাহি’ ও স্বাতী সরকারের দ্বিতীয় অ্যালবাম ‘আনন্দ তরঙ্গ’। দুটি অ্যালবামই রবীন্দ্রসংগীতের।

অ্যালবামগুলো প্রকাশ উপলক্ষে রোববার চ্যানেল আইতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বিটিভির সাবেক ডিজি সৈয়দ সালাহউদ্দিন জাকী, সুরের ধারার অধ্যক্ষ শফি আহমেদ, সঙ্গীতশিল্পী সাদী মহম্মদ এবং রেজওয়ানা চৌধুরী বন্যা।

প্রিয় দুই শিষ্য’র অ্যালবাম প্রসঙ্গে উচ্ছ্বসিত প্রশংসা করে বন্যা বলেন, “সেই গুরু ভাগ্যবান যিনি গুণী শিষ্য লাভ করেন। স্বাতী সরকার বহুদিন ধরেই আমার ছাত্রী। ইতোমধ্যে রবীন্দ্রসঙ্গীতের জগতে নিজের আসনটিও পাকা করে নিয়েছে। তার দ্বিতীয় অ্যালবাম প্রকাশিত হচ্ছে ইমপ্রেস অডিও ভিশন থেকে। সবদিক থেকে সে আমার পদানুসারী। তাকে অনায়াসে আমি আমার শিষ্যা বলতে পারি। ক্রমশ সে নিজ মর্যাদার আসনে আসীন হবেন আমি এই আশীর্বাদ জানাই।”

আঁখি হালদার প্রসঙ্গে বন্যা বলেন, “আঁখি হালদার সুরের ধারা প্রাক্তনী। সেই কোন ছোটবেলায় এখানে গান শিখতে এসেছিল, তারপর চলে গেছে অনেকদিন। আজ তার নিজের সিডি প্রকাশিত হয়েছে। এটি আমার জন্য অতি আনন্দের সংবাদ। আঁখি সুরের ধারা পরিবারের সাথে প্রথম থেকেই খুব ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে। আঁখির কণ্ঠটি সুরেলা ও মিষ্টি। কোমলতায় ভরা। গান যেমন তার আবেগ-ভালোবাসা, তেমনি তার শক্তিও। গানের সাথে তার এই নিবিড় সম্পর্কটি শ্রোতাদেরও স্পর্শ করে যায়।”

রেজওয়ানা চৌধুরী বন্যার অ্যালবামটির সঙ্গীতায়োজন করেছেন প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়। কোলকাতার ভাইব্রেশন স্টুডি থেকে রেকর্ডকৃত অ্যালবামটির শব্দগ্রহণ করেছেন গৌতম ঘোষ। অ্যালবামে গানগুলোর মধ্যে রয়েছে- আজি নুতনও রতনে ভূষনে যতনে, ডাকে কোয়েলা বারে বারে, আমি সকল কাজের পাই হে সময়, কে তুমি বসি নদীকূলে একলা, চাহি অতৃপ্ত নয়নে তোর মুখপানে, মিনতি করি তব পায় ইত্যাদি।

আঁখি হালদারের প্রথম অ্যালবাম ‘তোমা পানে চাহি’র গানগুলোর মধ্যে রয়েছে- তোমারি মধুর রূপে, আমি কান পেতে রই, নিশি দিন মোর পরানে, আমারে তুমি অশেষ করেছ, আমি কেবলই স্বপন করেছি বপন ইত্যাদি।

অন্যদিকে ‘আনন্দ তরঙ্গ’ নামের স্বাতী সরকারের দ্বিতীয় অ্যালবামটিতে রয়েছে- তোমায় গান শোনাবো, আমার লেখা যখন ছিল তোমার সনে, বিপুল তরঙ্গ রে, আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে, তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা ইত্যাদি।