২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরের হাসপাতালে সুবীর নন্দীর ফের হার্ট অ্যাটাক

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর আবার হার্ট অ্যাটাক হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2019, 03:47 PM

Updated : 08 Apr 2022, 04:09 PM

স্থানীয় সময় শনিবার সকালে তার হার্ট অ্যাটাক হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন।

সুবীর নন্দীর মেয়ে ফাল্গুনী নন্দীর বরাত দিয়ে তিনি বলেন, “শনিবার সকালে হার্ট অ্যাটাকের পর তার চারটি স্ট্যান্টিং (রিং পরানো) হয়েছে। তাকে এখন আইসিওতে রাখা হয়েছে।”

গত ৩০ এপ্রিল গুরুতর অসুস্থ সুবীর নন্দীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। 

একুশে পদকপ্রাপ্ত শিল্পী সুবীর নন্দী গত ১৪ এপ্রিল রাতে সিলেট থেকে ঢাকা ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা তাকে সিএমএইচে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করেন। পরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

৬৬ বছর বয়সী সুবীর নন্দী দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন। নিয়মিতভাবে তার ডায়ালাইসিস করতে হচ্ছিল।

সিএমএইচে লাইফ সাপোর্টে  থাকা সুবীর নন্দীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সুবীর নন্দীর ‍চিকিৎসার বিষয়ে গত ১৯ এপ্রিল সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সংগীত শিল্পী কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, রফিকুল আলম ও ডা. সামন্ত লাল সেন। তখনই প্রধানমন্ত্রী সুবীর নন্দীর চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র সিঙ্গাপুরে পাঠানোর পরামর্শ দিয়েছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেনই সিঙ্গাপুরের চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন। তাদের সাড়া পেয়েই এই শিল্পীকে সেখানে পাঠানো হচ্ছে।

এর আগে ১৯৯৮ সালেও সুবীর নন্দীর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী দুই দফায় সব ধরনের সহযোগিতা দিয়েছেন।