ফণীর আঘাতে থামলো ‘পদ্মাপুরাণ’, আহত চার
ঘূর্ণিঝড় ফণীর কবলে পড়ে স্থগিত হয়েছে চলচ্চিত্র ‘পদ্মাপুরাণ’ এর শুটিং।
ফণীর আঘাতে প্লাবিত পদ্মার জলোচ্ছাসে আহত হয়েছেন চলচ্চিত্রটির চার কলাকুশলী। স্থগিত হয়েছে চলচ্চিত্রটির শুটিং। তথ্যটি গ্লিটজকে নিশ্চিত করেছেন নির্মাতা রাশিদ পলাশ নিজেই।
পদ্মা নদীর বিবর্তনের গল্পে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘পদ্মাপুরাণ’। চলচ্চিত্রটির নব্বই শতাংশ চিত্রধারণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। অবশিষ্ট দশ শতাংশ দৃশ্যের প্রয়োজনে মানিকগঞ্জের হরিরামপুর থানার কোটকান্দি গ্রামে পদ্মার তীরে ক্যাম্প ফেলেন নির্মাতা রাশিদ পলাশ।
গত ২৬ এপ্রিল থেকে টানা শুটিং এর পর ঘূর্ণিঝড় ফণীর কারণে ৩ এপ্রিল দিনভর শুটিং শেষে একদিনের বিরতি ঘোষণা করেন নির্মাতা। কিন্তু শুটিং গুটিয়ে ফেরার আগেই ঝড়ের কবলে পড়ে ৭৫ জনের শুটিং টিম। এ সময় আহত হন চারজন লাইট ক্রু।
নির্মাতা রাশিদ পলাশ বলেন, “সন্ধ্যার দিকে হঠাৎ ঝড় শুরু হওয়ায় নদীতে জলোচ্ছ্বাস শুরু হয়। এবং আমরা যেখানে আশ্রয়ে ছিলাম সেই বাড়িটিও প্লাবিত হয়। এসময় আমাদের ৪জন লাইট ক্রু আহত হয়।”
তারকাবহুল এ চলচ্চিত্রটির শেষ অংশের এ শুটিং এ যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী প্রসূন আজাদ ও নবাগত চিত্রনায়ক সুমিত। ঝড় শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া সম্ভব হয় বলে জানান নির্মাতা রাশিদ পলাশ।
নির্মাতা বলেন, “বর্তমান অবস্থায় আমাদের শুটিং অনিশ্চয়তার মধ্যে পড়েছে। আপাতত শুটিং বন্ধ থাকছে। পরিস্থিতি অনুকূলে ফিরলে পুনরায় শুটিং শুরু হবে। আরো সাতদিন শুটিং করলেই সম্পন্ন হবে চিত্রধারণ।”
কালের বিবর্তনে প্রমত্ত পদ্মা তার আগের রূপ হারিয়েছে। সঙ্গে সঙ্গে বদলেছে দুই তীরে বসবাস করা মানুষের জীবন। সেই জীবনের গল্প নিয়েই নির্মিত হচ্ছে ‘পদ্মাপুরাণ’।
চলচ্চিত্রটিতে অভিনয় করছেন দুই নন্দিত অভিনেত্রী চম্পা ও শম্পা রেজা। এছাড়াও কায়েস চৌধুরী, তরুণ খলঅভিনেতা শিমুল খানকেও দেখা যাবে দু’টি অন্যরকম চরিত্রে।
