কাজানে পুরস্কৃত ‘ইতি তোমারই ঢাকা’
তাতারস্থানের রাজধানী কাজানে ৩০ এপ্রিল পর্দা নামলো ‘কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ১৫তম আসরের। আর এই উৎসবে পুরস্কার জিতলো ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’।
খবরটি নিশ্চিত করেছেন ইমপ্রেস টেলিফিল্মের কনসালটেন্ট (ফিল্ম) ও ইতি, তোমারই ঢাকা-র ক্রিয়েটিভ প্রযোজক জনাব আবু শাহেদ ইমন। তিনি জানান, রাশিয়ায় অনুষ্ঠিত ‘কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর চলতি আসরে প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয় ছবিটি। ৩০ এপ্রিল উৎসব সমাপনী দিনে ‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রটির পুরস্কার ঘোষণা হয়। উৎসবে ‘রাশিয়ান গিল্ড অব ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছে ‘ইতি, তোমারই ঢাকা।
উৎসবে উপস্থিত থেকে চলচ্চিত্রটির পক্ষে পুরষ্কারটি গ্রহণ করেন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল (শোভন)।
এছাড়াও সম্প্রতি জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য’র পুরস্কার জিতে নেয় ছবিটি। ছবিটির প্রদর্শনী হয়েছে কোলহাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, চেন্নাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ইন্দোনেশিয়ার জগজা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভারতের মুম্বাই থার্ড আই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও আওরঙ্গবাদ চলচ্চিত্র উৎসবে।
তার আগে গেল অক্টোবরে এশিয়ার সবচেয়ে বড় ও সম্মানজনক চলচ্চিত্র উৎসব ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ২৩ তম আসরে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় বাংলাদেশের প্রথম এই অমনিবাস চলচ্চিত্রটির।
সাম্প্রতিক ঢাকার চিত্র নিয়ে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ১১ তরুণ নির্মাতা তৈরি করেছেন ‘ইতি, তোমারই ঢাকা’। তারা হলেন গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম রবি, সৈয়দ সালেহ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ শাওকী, তানিম নূর, তানভীর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও নুহাশ হুমায়ূন।
