২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি শার্টের বিনিময়ে সিনেমা

চলচ্চিত্র নির্মাণে অর্থসংকট একটি অন্যতম বড় বাধা। সে বাধা দূর করতে শুরু হলো ‘টি-সিনেমা’ শীর্ষক এক ব্যতিক্রমী উদ্যোগ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2019, 07:12 PM

Updated : 08 Apr 2022, 04:07 PM

সিনেমাপ্রেমীদের সংগঠন ‘ভারমিলিয়ন  ফিল্ম সোসাইটি’ এবং চলচ্চিত্র ও গণমাধ্যম বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান ‘ভারমিলিয়ন ইনস্টিটিউট’ এর উদ্যোগে তরুণদের সঙ্গে নিয়ে শুরু করলো গণঅংশগ্রহণে স্বাধীন চলচ্চিত্র নির্মাণের এক ব্যতিক্রমী কৌশল। এর ফলে শুভেচ্ছা মূল্যের মাধ্যমে টি শার্ট ক্রয়ের বিনিময়ে চলচ্চিত্র নির্মাণে অংশগ্রহণ করতে পারবেন যে কোন মানুষ। শুধু তাই নয়, টিকিটের বদলে এই পোশাকের মাধ্যমেই সিনেমা দেখতে পারবেন দর্শকরা। 

২৬ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় একাডেমি’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘টি-সিনেমা’র উদ্বোধনী অনুষ্ঠানে চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দীন জাকী এই উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করেন।

তিনি বলেন- “এটি একটি অভিনব উদ্যোগ। জনগণ পাশে থাকলে সত্যি বদলে যেতে পারে আমাদের সিনেমার দিন।” এই উদ্যোগকে উৎসাহিত করতে তিনি নিজেই 'মুখ ও মুখোশ' চলচ্চিত্রের পোস্টার দিয়ে ডিজাইনকৃত একটি টি-শার্ট নগদ অর্থ দিয়ে সংগ্রহ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব এবং ভারমিলিয়ন ইনস্টিটিউট ও ফিল্ম সোসাইটির উপদেষ্টা আকতারী মমতাজ এবং চলচ্চিত্রকার আবু সাইয়ীদ।

‘টি-সিনেমা’র প্রধান সমন্বয়ক চলচ্চিত্র নির্মাতা আবীর শ্রেষ্ঠ উদ্যোগ সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, “এই উদ্যোগে জনগণের কাছে হাত পেতে অর্থ না নিয়ে টি-শার্টের শুভেচ্ছামূল্য থেকে প্রাপ্ত অর্থ দিয়েই নির্মিত হবে সিনেমা। এখানে জনগণ সরাসরি সিনেমার শুভচেতনায় অবদান রাখতে পারে। পাশাপাশি গড়ে উঠতে পরে সমন্বিত এক দর্শকগোষ্ঠী।”

তিনি জানান, টি সিনেমা’র উদ্যোগে বছরব্যাপী নানা আয়োজন অনুষ্ঠিত হবে। ব্যতিক্রমী নামের আয়োজনগুলো হলো- সিনেমাদল (দিনব্যাপী সিনেমাপ্রেমীদের সম্মিলনী), সিনেমার অ আ ক খ (দিনব্যাপী চলচ্চিত্র অনুধাবন কর্মশালা), কীর্তিমানের আঙিনায় (গুণীজনের বাস্তুভিটায় ভ্রমণ আয়োজন), হাতছানি দেয় সিনেমা (মাসব্যাপী চলচ্চিত্র নির্মাণ কর্মশালা), সিনেমায় ছানাপোনা (মাসব্যাপী শিশুদের চলচ্চিত্র নির্মাণ কর্মশালা), নতুন রঙে ‘অনুশীলন’ (মাসব্যাপী সুভাষ দত্ত স্মৃতি চলচ্চিত্র অভিনয় কর্মশালা), মায়াবী আলোর মন্তাজ (কলকাতায় সপ্তাহব্যাপী উচ্চতর চলচ্চিত্র নির্মাণ কর্মশালা)।

নির্দিষ্ট সংখ্যক টি-শার্ট সংগ্রহ করে অংশগ্রহণ করা যাবে এই সব আয়োজনে। এই কর্মসূচীর আওতায় নির্মিত পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে বছর শেষে আয়োজন করা হবে ‘টি-সিনেমা’ উৎসব। টি-শার্টের সঙ্গে পাওয়া টিকেট দিয়েই উৎসবে চলচ্চিত্র দেখা যাবে।