২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাজল পাগল ছিলেন অক্ষয়ের জন্য!

স্বামী হিসেবে অভিনেতা অজয় দেবগনকে বেছে নিলেও এক সময় কাজল পাগল ছিলেন আরেক অভিনেতা অক্ষয় কুমারের জন্য।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2019, 12:17 AM

Updated : 08 Apr 2022, 04:07 PM

এ্ই তথ্য ফাঁস করেছেন বলিউডে কাজলের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত চলচ্চিত্র নির্মাতা করন জোহর।

সম্প্রতি সনি টিভির কপিল শর্মা শো-তে একসঙ্গে উপস্থিত হয়েছিলেন কাজল ও করন জোহর।

সেখানেই বন্ধুর গোপন কথা ফাঁস করেন করন, যা সংবাদ হিসেবে এসেছে ভারতের সংবাদ মাধ্যমে। 

দুজনের বন্ধুত্ব কীভাবে গড়ে উঠেছিল, অনুষ্ঠানে সেই প্রশ্ন করা হয়েছিল কাজলকে।

উত্তরে কাজল বলেন, প্রথম যেদিন করনের সঙ্গে তার দেখা হয়েছিল, সেদিন তার পরনের স্যুটটিকে কেন্দ্র করে তার ফ্যাশনজ্ঞান নিয়ে রসিকতা করেছিলেন তিনি।

ঠিক তখন করন তাদের দ্বিতীয় সাক্ষাতের কথা মনে করিয়ে দেন কাজলকে। সেটা ছিল ‘হেনা’ চলচ্চিত্রের প্রিমিয়ার শোতে।

করন বলেন, “তখন কাজল ছিল অক্ষয় কুমারের জন্য পাগল। হেনার প্রিমিয়ার শোতে অক্ষয়কে খুঁজছিল সে, আমিও সেদিন তার সঙ্গে ছিলাম। কিন্তু সেদিন অক্ষয়কে খুঁজে পাইনি, আর তা থেকে আমাদের বন্ধুত্বের শুরু।”

১৯৯১ সালে হেনা চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার সময় বলিউডে যাত্রা শুরু হয়ে গিয়েছিল অক্ষয়ের। তনুজাকন্যা কাজলের বলিউড অভিষেক হয় তার এক বছর পরে।

পরে অক্ষয় ও কাজল একসঙ্গে ইয়ে দিল্লাগিতে অভিনয় করেছিলেন।

কাজল যেমন অজয়কে নিয়ে সংসার করছেন, তেমনি অক্ষয়ও জীবনসঙ্গী করেছেন আরেক অভিনেত্রীকে; তিনি হলেন রজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার মেয়ে টুইংকল খান্না।