২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৬ এপ্রিল বড়পর্দায় নাসির উদ্দিন ইউসুফের ‘আলফা’

‘একাত্তরের যিশু’ ও ‘গেরিলা’র পর অবশেষে বড়পর্দায় নতুন চলচ্চিত্র ‘আলফা’ নিয়ে আসছেন প্রখ্যাত নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2019, 06:55 PM

Updated : 10 Oct 2022, 09:04 PM

তৃতীয় বিশ্বের একজন শহুরে নাগরিককে কেন্দ্র করেই গড়ে উঠেছে ‘আলফা’ চলচ্চিত্রের কাহিনি। যাতে ফুটে উঠবে যান্ত্রিক শহরের বাস্তবতার সঙ্গে মানিয়ে নেয়া ও অন্তর্দ্বন্দ্ব নিয়ে বেঁচে থাকা এক চিত্রশিল্পীর জীবন।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্রটি আগামী ২৬ এপ্রিল বড়পর্দায় মুক্তি পেতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন ইমপ্রেস টেলিফিল্মের কনসাল্টেন্ট (ফিল্ম) ও নির্মাতা আবু শাহেদ ইমন।

তিনি বলেন, “দীর্ঘদিন পর বাচ্চু ভাইয়ের (নাসির উদ্দিন ইউসুফ) কোনো ছবি বড় পর্দায় আসছে। ইতোমধ্যে ‘আলফা’ আসন্ন সার্ক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর জন্য বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে। তার আগেই দেশের দর্শক ছবিটি দেখতে পারবেন। আশা করছি তার নির্মাণে ইমপ্রেস টেলিফিল্মের ‘গেরিলা’ যেভাবে দর্শকপ্রিয়তা অর্জন করেছে, ‘আলফা’ও তার দর্শক খুঁজে নিবে।”

ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন নবীন অভিনয়শিল্পী আলমগীর কবির ও দোয়েল ম্যাশ। এ ছাড়াও পরিচিত মুখ হিসেবে দেখা যাবে প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামানকে।

ছবিতে অভিনয় করেছেন হীরা চৌধুরী, ইশরাত নিশাত, মোস্তাফিজ নূর ইমরান ও ভাস্কর রাসা। প্রধান চরিত্রদের ছাড়া অন্যান্য অভিনয় শিল্পীদের নির্বাচন করা হয়েছে অডিশনের মাধ্যমে। বেশির ভাগ শিল্পীই মঞ্চ থেকে এসেছেন বলে জানিয়েছেন নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ।

ফরিদুর রেজা সাগর ও এশা ইউসুফ প্রযোজিত এবং ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত এ সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করছেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। সম্পাদনায় আছেন ক্যাথরিন মাসুদ।